গানটি শুনে দর্শক অনুপ্রাণিত হবেন

আপডেট : ০৪ মে ২০২০, ০৬:৫০ এএম

করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য এরই মধ্যে অনেক শিল্পী নতুন গান তৈরি করেছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন জনপ্রিয় সংগীতশিল্পী ও কম্পোজার হৃদয় খান। তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

করোনা নিয়ে গান...

করোনা নিয়ে অনেকেই গান করেছেন। আমি কয়েকটি গান শুনেছি। যারা কাজগুলো করেছেন, তাদের সাধুবাদ জানাই। শিল্পীর দায়িত্ববোধের জায়গা থেকে এ ধরনের কাজ করাটা অবশ্যই প্রশংসনীয়। আমিও সেই তাগিদ থেকে গানটি করেছি। তবে আগের গানগুলোতে করোনায় কী কী করণীয়, সেসব নিয়েই বেশি গুরুত্বারোপ করা হয়েছে। যেহেতু ওই গানগুলো করোনা পরিস্থিতির শুরুর দিকে হয়েছে, তাই সে সময় ওই ধরনের গানই সামঞ্জস্যপূর্ণ। কিন্তু আমি গানটি করেছি সস্প্রতি। তাই এখন যদি কী করণীয় তা নিয়ে গান করি সেটি সময়োপযোগী হবে না। কারণ এরই মধ্যে গ্রামগঞ্জে সবাই জেনে গেছে করোনা মোকাবিলায় আমাদের কী করতে হবে। এখন দীর্ঘদিন মানুষ ঘরে থেকে অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত দেখছি মানুষের ঘরে কি দুঃসহ সময় কাটছে। তাই একটি আশাজাগানিয়া গানই করতে চেয়েছি। গানটির শিরোনাম ‘আসবে আসবে সূর্যের আলো’। কথা লিখেছেন ফারহানা চৌধুরী হেমা, সুর ও সংগীত পরিচালনা করেছেন হৃদয় খান। গানটিতে আমি ছাড়া আরও কণ্ঠ দিয়েছেন পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, কণা ও পিংকি ছেত্রী।

তারকাবহুল ভিডিও...

অল্প সময়ের মধ্যেই গানটির সব কাজ শেষ করতে হচ্ছে। শিগগির গানটি অনলাইনে প্রকাশ হবে। এখন ভিডিও এডিটিংয়ের কাজ চলছে। এই কাজে একটু সময় বেশি লাগছে। কারণ এতে দেশের বিভিন্ন অঙ্গনের জনপ্রিয় তারকারা অংশ নিয়েছেন। প্রত্যেকে এমন একটি ভালো উদ্যোগের কথা শুনে ভিডিওতে অংশ নিতে একবাক্যে রাজি হয়েছেন। নিজেদের দায়িত্বে যার যার বাসায় থেকে ভিডিও ধারণ করে আমাদের পাঠিয়েছেন। গানের ভিডিওতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী, বিদ্যা সিনহা মিমসহ অনেকে। আর যেসব জনপ্রিয় শিল্পীরা কণ্ঠ দিয়েছেন তারা তো আছেনই। আশা করছি গানটি অন্য গানগুলো থেকে আলাদা হবে। দর্শক অনুপ্রাণিত হবেন।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ...

গান শুরুর আগে থেকেই ক্যামেরার প্রতি আলাদা দুর্বলতা তৈরি হয়েছে। সময় পেলেই ক্যামেরা নিয়ে বসে যেতাম। মিউজিশিয়ান না হলে হয়তো ক্যামেরার পেছনে কাজ করতাম। সেই ভালো লাগা থেকেই গত কয়েক বছর আমার বেশ কিছু মিউজিক ভিডিও নিজেই পরিচালনা করেছি। এমনও হয়েছে, দেশের বাইরে ঘুরতে গেছি, সেখানেই একটি নতুন আইডিয়া নিয়ে ভিডিও শ্যুট করে ফেলেছি। তবে চলচ্চিত্র পরিচালনার ইচ্ছা খুব একটা ছিল না। অনেকটা শখের বসেই হুট করে কাজটি করেছি। এটিই আমার পরিচালিত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘ট্র্যাপড’ নামক এই চলচ্চিত্রটির দৃশ্যধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে। শিগগির এটি অনলাইন মাধ্যমে মুক্তি দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত