করোনা টেস্টের লাইনে ৩ ঘণ্টা, রাস্তায় ঘুরে পড়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ০৪ মে ২০২০, ০১:২২ পিএম

দুই ছেলেকে সঙ্গী করে ফুসফুসে ব্যথা নিয়ে করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ পরীক্ষার জন্য এসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনা টেস্ট শাখায়।

প্রায় তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর দুপুরের দিকে জানানো হয়, ওই দিনের মতো করোনা টেস্টের নমুনা গ্রহণ শেষ, পরদিন আবার নেওয়া হবে।

এক কথা শোনার কিছু সময় পর জ্যেষ্ঠ নাগরিক আবদুর রাজ্জাক মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে থাকা ছেলেদের আর্তচিৎকারে আশপাশের মানুষ ছুটে আসেন। কিন্তু ততক্ষণে আবদুর রাজ্জাকের প্রাণপ্রদীপ নিভে গেছে। রবিবার বিএসএমএমইউ’র সামনের সড়কে মর্মস্পর্শী এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুরের এই বাসিন্দার ছেলেরা জানান, শরীরে করোনা উপসর্গ ছিল মূলত ফুসফুসে ব্যথা। হয়তো বাবা স্ট্রোক করে মারা যেতে পারেন।

আবদুর রাজ্জাক করোনায় মারা গেছেন কিনা তা নিশ্চিত হতে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বলেন, করোনা টেস্ট করাতে এসে তিনি অসুস্থ হয়ে মারা গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত