বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস যত দিন যাচ্ছে ততোই ভয়ানক আকার ধারণ করছে। চীন থেকে শুরু হয়ে প্রায় গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই জীবাণু। প্রতিনিয়ত নিজের দাপট দেখিয়ে চলেছে করোনা। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। স্বাভাবিকভাবেই এই অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় সংগীতশিল্পী আশা ভোঁসলে
তিনি বলেছেন, এই জীবনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী থেকেছি, ভারতের স্বাধীনতা দেখেছি, পাকিস্তানের সঙ্গে যুদ্ধও দেখে নিয়েছি। মনে আছে, ৭১-এর মুক্তিযুদ্ধের সময় আমাদের জানলায় কালো কাগজ লাগিয়ে দিতে হত, কিন্তু গত কয়েক দশকে গোটা পৃথিবীকে এভাবে একসঙ্গে থেমে যেতে দেখিনি। হয়তো ভারত কিংবা একটা দুটো দেশ হয়তো কখনও এমন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে। কিন্তু গোটা বিশ্বকে এভাবে স্তব্ধ হয়ে যেতে দেখিনি একসঙ্গে এর আগে। ভগবান আমাদের অগ্নিপরীক্ষা নিচ্ছেন হয়তো। তবে আমরা এই দুঃসময়ও ঠিক পার করে যাব’।
ভারতের করোনা যোদ্ধাদের শ্রদ্ধাজানাতে ফিভার নেটওয়ার্কের পক্ষে ১০০ ঘণ্টার জন্যে ১০০ জন শিল্পীকে একসূত্রে বাঁধা হয়েছে। অনলাইন প্ল্যাটফর্মেই শিল্পী, অভিনেতা, খেলোয়ার, রাজনীতিক, লেখকরা করোনার জন্যে সম্মুখীন হওয়া এই কঠিন পরিস্থিতি নিয়ে নিজেদের মতপ্রকাশ করছেন। সেখানেই নিজের এই মতামত জানান এই প্রবীণ সংগীতশিল্পী।
সূত্র: সংবাদ প্রতিদিন
