হবিগঞ্জে ডিসির পর এবার ম্যাজিস্ট্রেট ওসি করোনা আক্রান্ত

আপডেট : ০৬ মে ২০২০, ০৬:০৭ এএম

হবিগঞ্জে জেলা প্রশাসকের (ডিসি) পর নির্বাহী ম্যাজিস্ট্রেট, ওসি, স্বাস্থ্যকর্মীসহ আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৮ জনে।

ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, সোমবার রাতে একজন নারী নির্বাহী ম্যাজিস্ট্রেট (২৮) করোনা পজিটিভ বলে রিপোর্ট আসে। একই দিন করোনায় আক্রান্ত হন ডিসি মো. কামরুল হাসান। এদিকে জেলায় প্রথম করোনা আক্রান্ত মাইক্রোবাসচালক মোফাজ্জল (৪৫) সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, গতকাল মঙ্গলবার দুপুরে পাওয়া প্রতিবেদন অনুযায়ী, চুনারুঘাট উপজেলায় ৮ জনের মধ্যে ওসিসহ ৫ পুলিশ ও একজন স্বাস্থ্যকর্মী, নবীগঞ্জে স্বাস্থ্যকর্মীসহ দুজন এবং বাহুবলে ও লাখাইয়ে একজন করে আক্রান্ত রয়েছেন। এ নিয়ে গতকাল পর্যন্ত করোনা আক্রান্ত ৮৮ জনের মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ম্যাজিস্ট্রেট, সরকারি কর্মকর্তা ও ব্যাংকারসহ রয়েছেন ৪৫ জন।

এদিকে নমুনা পাঠানোর ১১ দিন পর ৫ সদস্যের করোনা পজিটিভ রিপোর্ট আসায় পুলিশের মধ্যে করোনাভীতি দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক জেলার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গত ২৩ এপ্রিল চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হকসহ পুলিশ সদস্যদের নমুনা পাঠানো হয়। রেজাল্ট পাওয়া গেছে গতকাল। এরই মধ্যে ওই ৫ পুলিশ সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে জনগণ, কর্মকর্তা ও সহকর্মীদের সঙ্গে মিশেছেন। করোনা আক্রান্ত ওসি, ১ এএআই এবং ৩ কনস্টেবলকে  চুনারুঘাট  উপজেলার একটি ট্রেনিং সেন্টারে রাখা হয়েছে।

অন্যদিকে জেলায় প্রথম করোনা আক্রান্ত মোফাজ্জল সুস্থ হয়ে গতকাল দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। সংশ্লিষ্টরা জানান, তিনি নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। গত ৯ এপ্রিল ১২ জন যাত্রীসহ হবিগঞ্জে প্রবেশের সময় একটি মাইক্রোবাস আটক করে পুলিশ। পরে পরীক্ষায় গাড়িটির চালক মোফাজ্জলের করোনা শনাক্ত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত