সিঙ্গাপুর প্রবাসী বাঙালিদের পাশে ঢাকা-কলকাতার ছয় তারকা

আপডেট : ০৬ মে ২০২০, ১১:০৮ এএম

করোনা পরিস্থিতিতে সিঙ্গাপুরে থাকা বাঙালি শ্রমজীবীদের চাঙা করতে গল্প ও গান শোনাবেন কলকাতা ও ঢাকার তারকারা। এ উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

‘আওয়ার স্টোরিজ ইউর স্টোরিজ’ নামের একটি অনুষ্ঠানে এক হচ্ছেন ফেরদৌস আহমেদ, মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত ও  লোপামুদ্রা মিত্র।

এই ছয় তারকা ছয়টি ভিন্ন বিষয় নিয়ে ভিডিওতে উপস্থিত হবেন। অনুষ্ঠানটি পরিচালনা করছেন কলকাতার সার্থক দাশগুপ্ত।

সিঙ্গাপুর সরকারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েব পোর্টালে প্রতি সপ্তাহে দেখা যাবে ‘আওয়ার স্টোরিজ ইউর স্টোরিজ’-এর একটি করে পর্ব। একই সঙ্গে সরকারের কাছে সংরক্ষিত শ্রমজীবীদের হোয়াটসঅ্যাপেও চলে যাবে পর্বগুলো।

প্রতিটি পর্ব দেখার পর সেটার বিষয়বস্তুর ওপর নিজের জীবনের গল্প লিখে পাঠাতে পারবেন বাঙালিরা।

অনুষ্ঠানটির প্রযোজক ভারতের শ্রেয়সী সেন জানিয়েছেন, তারকাদের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে অনুষ্ঠানের প্রতিটি পর্ব। একেকটি পর্ব প্রচারের পর সেই পর্ব ধরে ধরে শ্রমিকদের তাদের জীবনের গল্প লিখতে বলা হবে। একটি ওয়েব পোর্টালে সেই গল্প জমা দিতে হবে।

বাছাইকৃত সেরা পাঁচটি গল্প ইংরেজিতে অনুবাদ করে দেওয়া হবে সিঙ্গাপুর সরকারকে। সেখান থেকে দুটি গল্প নিয়ে নির্মিত হতে পারে চলচ্চিত্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত