অসহায় ক্রীড়াবিদদের পাশে ক্রীড়া মন্ত্রণালয়

আপডেট : ০৬ মে ২০২০, ০৫:৪৭ পিএম

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত অসহায় ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। এই লক্ষ্যে বুধবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে সভায় বসেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

সভায় প্রাথমিকভাবে ২৭ ফেডারেশনের ১ হাজার ক্রীড়াবিদকে ১০ হাজার টাকা করে প্রদানের সিদ্ধান্ত হয়েছে।

সভাশেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন,‌ ‘পুরো বিশ্ব আজ স্থবির। পুরো বিশ্ব এখন আতঙ্কিত। এক সঙ্গে এত মানুষ ঘর বন্দী, এমন দুর্যোগ বিশ্ববাসী আগে দেখেছে কিনা সেটা আমার জানা নেই। এই দুর্যোগে সকল মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্রীড়াঙ্গন তার বাইরে নয়।’

‘ভাইরাসটি এমন সময় আক্রমণ করেছে যখন সব ধরনের খেলাই চলছিল। বিশেষ করে গুরুত্বপূর্ণ কিছু খেলা, যেগুলো খেলোয়াড়দের বছরের একটা আয়ে উৎস। খেলা বন্ধ হওয়ার কারণে সকলেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ২৮ এপ্রিল যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ নিয়ে সভা করেছিলাম। আজ দ্বিতীয় সভা করলাম। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি আমাদের সহযোগিতা করবেন এবং কয়েকজনকে বলে দেবেন যারা খেলোয়াড়দের মানবিক সহযোগিতার জন্য এগিয়ে আসেন। সেই সঙ্গে আমাদের সরকারের পক্ষ থেকে আমরা সহায়তা করবো। যৌথভাবে আমরা অসহায় ক্রীড়াবিদদের জন্য বরাদ্দ দেয়ার চেষ্টায় আছি।’

কয়েক ধাপে সহায়তা প্রধানের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘মানবিক সহায়তাগুলো কয়েক স্তরে দেয়ার চিন্তা করছি। প্রথম ধাপে আমরা বিভিন্ন ফেডারেশন থেকে প্রায় ১০০০ অসহায় ক্রীড়াবিদদের সহায়তা দেবো। প্রথম ধাপে ২৭ ফেডারেশন থেকে যাদের সহায়তা না দিলেই নয় তাদের তালিকা এনেছি। প্রত্যেককে আমরা ১০ হাজার টাকা করে দেয়ার চিন্তাভাবনা করছি।’

ক্রীড়াবিদদের জন্য সম্মানী ভাতা চালুর ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, ‘বিভিন্ন ক্ষত্রে সম্মানী ভাতার ব্যবস্থা আছে। ক্রীড়াঙ্গনে কেন নয়? তাই আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছিলাম। অনলাইনে আবেদনও চেয়েছিলাম। কিন্তু করোনাভাইরাসের কারণে প্রক্রিয়া চূড়ান্তের কাছাকাছি আসার পর স্থগিত করেছি। ঈদের পর আমরা ওই সহায়তাও দিতে পারবো।’

‘৬৪ জেলাকে আমরা চিঠি দিচ্ছি। করোনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি মাসে ২ হাজার টাকা করে এককালীন ২৪ হাজার টাকা প্রদান করব। তাতে ক্রীড়াবিদরা কিছুটা হলেও উপকৃত হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত