করোনাভাইরাস মহামারীর মধ্যেই দেশে ফিরতে বাধ্য হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি প্রবাসীদের একটা অংশ। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিভিন্ন দেশ থেকে প্রায় ২৯ হাজার চাকরি হারানো প্রবাসী দেশে ফিরবেন।
চলমান সংকট নিয়ে গতকাল বুধবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এক ভিডিও বার্তায় মন্ত্রী বলেন, আমাদের ধারণা মতে, আগামী কয়েক সপ্তাহে প্রায় ২৮ হাজার ৮৪৯ জন প্রবাসী দেশে আসতে পারেন। এরই মধ্যে মালদ্বীপ থেকে বৃহস্পতিবার আরও ৪০০ বাংলাদেশি ফিরছেন। দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন, ওখান থেকে আমাদের ১ হাজার ৫০০ লোক আসবে।
সৌদি আরব থেকে মোট কত শ্রমিককে ফেরাতে হবে, সেই হিসাব দেশটি ‘পুরোপুরি’ দেয়নি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জানান, তাদের ধারণা সৌদি থেকে ৪ হাজার ২৬২ জন ফিরতে পারেন।
মন্ত্রী জানান, ওমান থেকেও ১ হাজার বাংলাদেশিকে ফিরতে হবে। ইরাক, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, লেবাননসহ ওই অঞ্চলের অনেক দেশ থেকে অনেক প্রবাসী বাংলাদেশি ফিরবেন দেশে।
গত সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে ৩ হাজার ৬৯৫ জন প্রবাসীর দেশে ফেরার তথ্য দিয়ে মন্ত্রী বলেন, তাদের মধ্যে একটি বিরাট সংখ্যক হচ্ছেনৃযারা জেলে ছিলেন, করোনাভাইরাস আসার পরপর মধ্যপ্রাচ্যের সরকারগুলো তাদের মোটামুটি মাফ করে দিয়েছেন, তাদের আগে আগে পাঠাচ্ছে। আমরা তাদের গ্রহণ করেছি। মধ্যপ্রাচ্য ছাড়াও ভারত, চীন, জাপানসহ বিভিন্ন দেশে আটকা পড়া ২ হাজার ৮৫৩ জন বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে আনার চেষ্টা এবং যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে আটকা পড়াদের ফেরানোর পরিকল্পনাও করা হচ্ছে বলে জানান মন্ত্রী।
করোনাভাইরাসে কেউ মারা গেলে তার লাশ সৌদি আরব ও আরব আমিরাত দেবে না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা তাদের দেশে ইসলামি নিয়মে দাফন করবে। অন্যান্য দেশ থেকে লাশ দেশে এলেও পরিবার-পরিজনরা দেখতে পারবেন না।
