স্বাস্থ্যবিধি মেনে নামাজ পড়া যাবে মসজিদে

আপডেট : ০৭ মে ২০২০, ০৬:৫৪ এএম

শর্তসাপেক্ষে দেশের সব মসজিদে মুসল্লিদের প্রবেশের বিধিনিষেধ প্রত্যাহার করেছে সরকার। আজ বৃহস্পতিবার জোহরের নামাজ থেকে স্বাস্থ্যবিধি মেনে সুস্থ মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করতে পারবেন। গতকাল বুধবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ধর্ম মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আলেমরা রমজান মাসের গুরুত্ব বিবেচনা করে মসজিদে নামাজ আদায়ের শর্ত শিথিল করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান। সম্প্রতি সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কিছু কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করেছে। ফলে ১২টি শর্ত মেনে ৭ মে জোহরের ওয়াক্ত থেকে সুস্থ মুসল্লিদের মসজিদে নামাজ আদায় করতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

প্রতি ওয়াক্ত নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা, মসজিদের গেটে হাত ধোয়া বা স্যানিটাইজারের ব্যবস্থা রাখা ও মুসল্লিদের মাস্ক পরা নিশ্চিত করা, এক কাতার অন্তর অন্তর কাতারে তিন ফুট পর পর দাঁড়ানো, স্বাস্থ্যসেবা বিভাগসহ সরকার ও স্থানীয় প্রশাসনের নির্দেশনা অবশ্যই অনুসরণ করা এবং মসজিদে ইফতার ও সাহ্রির আয়োজন না রাখার শর্ত দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। 

এই শর্ত ও নির্দেশনা না মানলে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলাবাহিনী সংশ্লিষ্ট মসজিদের দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গত ৬ এপ্রিল মুসল্লিদের ঘরে নামাজ আদায়ের নির্দেশ দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। এরপর ২৪ এপ্রিল পৃথক আরেক বিজ্ঞপ্তিতে তারাবির নামাজও ঘরে আদায়ের নির্দেশনা দেয় মন্ত্রণালয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত