ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছুঁয়েছে। এই সময়ে কয়েক দফায় বেড়ে চলা লকডাউনের কারণে দেশটির নিম্ন আয়ের মানুষের অবস্থা খুবই করুণ।
ভুক্তভোগীদের জন্য অনেক বলিউড তারকাই সাহায্যের হাত বাড়িয়েছেন। তাদের অন্যতম সালমান খান।
লকডাউনের শুরু থেকেই মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির দৈনিক চুক্তিতে কাজ করা শ্রমিকদের খাওয়াপরার যাতে অভাব না হয়, সে জন্য একের পর এক পদক্ষেপ নিচ্ছেন। শুধু তাই নয়, প্রায় ২৩ হাজার চলচ্চিত্র কুশলীর অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন। ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি অসহায় মানুষের পাশেও দাঁড়িয়েছেন সালমান।
জি নিউজ জানায়, লকডাউনের জেরে পানভেলের বাগান বাড়িতে পরিবারের অনেককে নিয়ে আটকে পড়ছেন বলিউড ভাইজান। সেখানকার স্থানীয় মানুষদের জন্য ট্রাকে করে খাবার পৌঁছে দিচ্ছেন তিনি। এ সবের পাশাপাশি এবার আরও এক উদ্যোগ নিলেন বলিউড অভিনেতা।
জানা যাচ্ছে, মুম্বাইয়ের রাস্তায় ‘বিয়িং হাংরি’ নামে ট্রাক নামিয়েছেন সালমান। ওই ট্রাকে খাবার ভরে, তা কভিড-১৯ আক্রান্ত অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
বিয়িং হাংরি ট্রাক রাস্তায় নামার পরই সেই ছবি উঠে আসে সোশ্যাল সাইটে। ভাইরাল সেই ছবিতে সালমানের প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে।
সালমানকে সর্বশেষ দেখা গেছে ‘দাবাং থ্রি’ ছবিতে। ঈদুল ফিতর উপলক্ষে ‘রাধে’ মুক্তির কথা থাকলেও অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে।
