ভারতে সামাজিক দূরত্ব ভুলে যাঁরা মদ কিনতে গিয়েছেন তাদের রেশন কার্ড বাতিল করা উচিত বলে মন্তব্য করেছেন অভিনেতা ও সঞ্চালক মীর আফসার আলী।
আনন্দবাজার পত্রিকার অনলাইনে লকডাউনের ডায়েরিতে মীর এ মন্তব্য করেন।
মীর ডায়েরিতে লেখেন, সাদা পাতায় লিখলাম একটা শব্দ— ‘NORMAL’। এই শব্দটা আমাদের জীবন থেকে চলে গেল! আর ফিরবে না। সকলে যে বলছেন, সব ঠিক হয়ে যাবে? আবার সব স্বাভাবিক… না! গ্লোবাল ট্রেন্ড যা বলছে তাতে মনে হয়, কোভিড-১৯ নিয়েই আমাদের কাজ করে যেতে হবে। আমাদের আশপাশে এই ভাইরাস বেশ কয়েক বছর থাকবে। যার রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে সে থেকে যাবে। এই ভাইরাসের সঙ্গে আমাদের শান্তিপূর্ণ সহাবস্থান করতে হবে। শুনতে খারাপ লাগবে। বুঝতে খারাপ লাগবে। তবে এই যে একে অন্যের সঙ্গে দেখা হলে জড়িয়ে ধরা, হাতের ছোঁয়া, আমাদের ভুলে যেতে হবে।
এখন বেশ রাত, তা-ও ওই মদের দোকানের লাইনের দৃশ্য ভুলতে পারছি না। এঁরা কোন জগত থেকে এসেছেন? এত বার সামজিক দূরত্ব নিয়ে বলার পরেও এই ছবি? এঁদের থেকে দূরে থাকতে হবে। এঁরা নিজেদের জীবনে ঝুঁকি তো আনছেনই, তার সঙ্গে পরিবার আর অন্য মানুষকেও বিপদে ফেলবেন! অনেকে বলবেন, যাঁরা নিয়মিত নেশা করেন তাঁরা মদ না পেয়ে সুইসাইড করতে যাচ্ছিলেন। এখন হয়তো তাঁরা স্বাভাবিক জীবন কাটাবেন। বেশ! তাঁরা কাটান। কিন্তু মদের জন্য সুস্বাস্থ্য না কি সংক্রমণ দূরে রাখার জন্য সামাজিক দূরত্ব? আজ কোনটা জরুরি?
উত্তর আমাদের কাছেই আছে। আমরা বলব? নাকি আমরা উটপাখির মতো সেজে থাকব?
উল্লেখ্য, মঙ্গলবার দিল্লির কেজরিওয়াল সরকার করতে মদের দোকানের ভিড় কমাতে ৭০% 'করোনা ফি' যোগ করে। এর আগে রাজ্য প্রশাসন সোমবার থেকে মদের দোকান খোলার অনুমতি দেয়। সেদিন থেকেই দোকানে দোকানে সুরাপ্রেমীদের উপচে পড়া ভিড় তৈরি হয়।
সূত্র: আনন্দবাজার।
