ঠাকুরগাঁওয়ে নতুন করে আরও ৩ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। আক্রান্ত তিনজনই পুরুষ। এ নিয়ে জেলায় মোট ২৪ জন আক্রান্ত হলো।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।
নতুন আক্রান্তরা হলেন, সদর উপজেলার সালন্দর ইউনিয়নের আরাজি শিংপাড়া গ্রামের তরুণ (১৮), রাণীশংকৈল পৌরসভার সহদর গ্রামের বাসিন্দা (৪৮) এবং হরিপুর উপজেলার খামারবাড়ি গ্রামের তরুণ (২০)।
সিভিল সার্জন জানান, এক সপ্তাহ আগে নারায়ণগঞ্জ থেকে হরিপুরের খামারবাড়ি গ্রামের বাড়িতে আসেন ২০ বছর বয়সী তরুণ। খবর পেয়ে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। অপরদিকে জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হলে রাণীশংকৈল উপজেলায় একজন যুবক ও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের একজন তরুণের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়।
তিনি আরো জানান, আক্রান্ত ব্যক্তিদের নমুনাগুলো দিনাজপুরের আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা-নীরিক্ষা শেষে ওই তিনজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। নতুন করে আক্রান্ত তিনজনকে সংশ্লিষ্ট উপজেলার আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে।
সিভিল সার্জন আরো জানান, জেলায় ৭৫৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এরমধ্যে ৬৫৯ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে। ২৪ ঘণ্টায় ২৬ জনের নমুনা পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম তিনজন করোনায় আক্রান্ত হলে ঠাকুরগাঁও জেলাকে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।
