করোনা সংক্রমণ রোধে সারা দেশে চলছে সাধারণ ছুটি। ফলে জরুরি কিছু খাত ছাড়া সরকারি-বেসরকারি সব ধরনের অফিস-আদালত বন্ধ। দেশের অনেক জেলা-উপজেলায় লকডাউন চলছে। করোনার কারণে অবস্থা এমন হলেও বাজেট ঘোষণা পেছাবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, সংবিধান অনুযায়ী বাজেট যেভাবে হওয়ার কথা সেভাবেই হবে।
গতকাল বৃহস্পতিবার মন্ত্রী দপ্তর থেকে পাঠানো এক অডিও বার্তায় এ কথা বলেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের বাজেট আগামী ১১ জুন জাতীয় সংসদে উপস্থাপনের প্রস্তুতি শুরু করেছে সরকার।
অর্থমন্ত্রী বলেন, প্রতি বছর বাজেট প্রণয়নের আগে প্রখ্যাত ব্যক্তিবর্গ, দেশবরেণ্য অর্থনীতিবিদ, এনজিওসহ বিভিন্ন ধরনের মানুষের পরামর্শ নেওয়া হতো এবং তারপর তা ঘোষণা করা হতো। এতে বাজেটটির গ্রহণযোগ্যতা বাড়ত জনগণের কাছে। কিন্তু এবার সে সুযোগ আমরা পাচ্ছি না। আমরা দীর্ঘদিনের এ নিয়ম এবার বাস্তবায়ন করতে পারছি না। ‘তবে এবার বাজেট বিষয়ে অনলাইনে ব্যবসায়ী, অর্থনীতিবিদ, এনজিওদের যুক্ত করার চেষ্টা করছি। এজন্য ওয়েবসাইটে আমরা পরামর্শ নিচ্ছি। দলমত নির্বিশেষে দেশের সব নাগরিক সামনের বাজেটটি কীভাবে দেখতে চান, এ ব্যাপারে তাদের মতামত চাচ্ছি।
