দুই মাস পর অনুশীলনে ফিরলেন মেসিরা

আপডেট : ০৯ মে ২০২০, ০১:৫৯ এএম

দীর্ঘ দুই মাস পর অনুশীলনে ফিরেছে বার্সেলোনার খেলোয়াড়রা।

করোনাভাইরাসের কারণে অন্যান্য দেশের মতো স্পেনেও মার্চে বন্ধ হয়ে যায় ফুটবল। দীর্ঘ অপেক্ষার পর স্পেনে মাঠে ফুটবল ফেরানোর তৎপরতা চলছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার থেকে বার্সেলোনার খেলোয়াড়রা ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন শুরু করেছে।

এর আগে বুধবার জোহান গাম্পার ট্রেনিং কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন বার্সেলোনার খেলোয়াড়রা। বৃহস্পতিবার যার রেজাল্ট আসে। সবার পরীক্ষার ফলই নেগেটিভ এসেছিল। অর্থাৎ কারো করোনা ধরা পড়েনি। এরপরই ব্যক্তি পর্যায়ে অনুশীলন শুরু করতে পেরেছে খেলোয়াড়রা।

এদিন অন্য সব খেলোয়াড়ের মতো বার্সা অধিনায়ক লিওনেল মেসিও ব্যক্তিগত অনুশীলন করেছেন। জোহান গাম্পার ট্রেনিং কমপ্লেক্সে মাঠে বল নিয়ে রানিং, ড্রিবলিং করেছেন মেসি।

ইনজুরির কারণে উসমানে দেম্বেলে বাদে বার্সার বাকি সবাই অনুশীলনে যোগ দিয়েছে।

লিগে বার্সেলোনার ১১ ম্যাচ বাকি। এখন পর্যন্ত দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে দলটি। রিয়াল মাদ্রিদ অনুশীলন শুরু করবে সোমবার থেকে।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জুনের শেষ দিকে শুরু হতে পারে স্প্যানিশ লিগের খেলা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত