দৈনিক ভোরের কাগজের অপরাধবিষয়ক প্রতিবেদক আসলাম রহমান গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে মারা গেছেন। তার মৃত্যুতে দেশের বিশিষ্টজন ও সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন।
সাংবাদিক আসলাম দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। সম্প্রতি তার করোনা উপসর্গ দেখা দিলে পরীক্ষায় তা নেগেটিভ আসে। বৃহস্পতিবার রাতে তার হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৪৮ বছর।
সাংবাদিক আসলাম রহমানের মৃত্যুতে পেশাজীবী সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, তথ্যমন্ত্রী, আইজিপিসহ বিশিষ্টজন গভীর শোক প্রকাশ করেছেন। আসলাম জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য।
আসলামের সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি তার শ্বাসকষ্টসহ করোনার কিছু উপসর্গ দেখা দেওয়ায় নিশ্চিত হওয়ার জন্য তার পরীক্ষা করা হয়। ৬ মে তার করোনার রিপোর্ট নেগেটিভ আসে। বৃহস্পতিবার রাতে হঠাৎ করে তার অবস্থার অবনতি হলে তাকে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। আসলামের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
২০০০ সালে মানবজমিন পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন আসলাম। ২০০৬ সালে তিনি সান্ধ্যকালীন দৈনিক দিনেরশেষে পত্রিকায় যোগ দেন। সেখান থেকে বছর তিনেক পর ভোরের কাগজে অপরাধ বিভাগে স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন। আসলাম রহমান একজন কবি। ‘জ্যোৎস্নার শহরে একা’ নামে তার একটি কাব্যগ্রন্থ রয়েছে। এ ছাড়া সাংবাদিকতা শুরুর আগে তিনি গানও করতেন। ‘যখনই আকাশ দেখবে, দেখবে তারারা ভাসছে’ নামে তার একটি গানের অ্যালবামও রয়েছে।
এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, করোনা মহামারীর এ সময় জীবনের ঝুঁকি নিয়ে কর্মরত সাংবাদিকদের আরও একজনকে আমরা হারালাম, যা অত্যন্ত বেদনাদায়ক। ড. হাছান প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সাংবাদিক আসলামের মৃত্যুতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় আইজিপি বলেন, আসলাম রহমান ছিলেন নিষ্ঠাবান সাংবাদিক, অত্যন্ত বিনয়ী ও অমায়িক একজন মানুষ। তার সঙ্গে বাংলাদেশ পুলিশের ছিল সৌহার্দ্যপূর্ণ পারস্পরিক পেশাগত সুসম্পর্ক। আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
এ ছাড়া তার মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ (ক্র্যাব) বিভিন্ন সাংবাদিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
রংপুর বিভাগীয় রিপোর্টার্স ফোরামের (আরডিআরএফ) সভাপতি সৈয়দ আতিক ও সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব সাংবাদিক আসলাম রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন।
