মেশিনে বিনামূল্যে কৃষকদের ধান কেটে দিলেন শিল্পমন্ত্রীর ছেলে সাদী

আপডেট : ০৯ মে ২০২০, ০৪:০৩ পিএম

নরসিংদীর বেলাবতে করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট নিরসনে কম্বাইন্ড হারভেস্টার মেশিনে কৃষকদের বিনামূল্যে ধান কেটে দিয়েছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপির ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী।

শুক্রবার বিকেলে উপজেলার পাটুলী ইউনিয়নের চন্ডিপাঁড়া গ্রামে কৃষক বাদশা মিয়া ও দুলাল মিয়ার প্রায় দুই বিঘা জমির পাকা ধান কম্বাইন্ড মেশিনের মাধ্যমে কেটে দেওয়া হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বুরো মৌসুমে বেলাব উপজেলায় ভর্তুকির মাধ্যমে কৃষকদের মধ্যে একটি কম্বাইন্ড হারভেস্টার (বড়) মেশিন ও ১টি ছোট রিপার ধান কাটার মেশিন বিতরণ করা হয়।

এ উপজেলায় এ পর্যন্ত ধান কাটার কম্বাইন্ড হারভেস্টার মেশিন ৪টি ও ধান কাটার ছোট মেশিন রিপার ২টি বিতরণ করা হয়েছে। যার ফলে শ্রমিক সংকটের কারণে অল্প খরচে ও স্বল্পমূল্যে এ এলাকার কৃষকদের ধান কেটে ঘরে তোলা সম্ভব হচ্ছে।

কৃষক বাদশা মিয়া ও দুলাল মিয়া বলেন, আমাদের ক্ষেতের ধান পেকে গেলেও শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। এদিকে বৃষ্টিতে ধান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমন মুহূর্তে শিল্পমন্ত্রীর ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী মেশিনের মাধ্যমে বিনামূল্যে ধান কেটে দিয়েছে। যার ফলে আমাদের অনেক উপকার হয়েছে। আর মেশিনের মাধ্যমে অল্প সময়ে ধান কেটে ধান মাড়াই করে ঘরে তুলতে পারলে আমাদের মত হাজার হাজার কৃষকদের অনেক উপকার হবে।

পাটুলী ইউনিয়নের চেয়ারম্যান ইফরানুল হক ভূইয়া জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের কৃষকদের কথা চিন্তা  করে এই কম্বাইন্ড হারভেস্টার মেশিন ভর্তুকির মাধ্যমে বিতরণ করছেন।

বেলাবরের কৃষকরা শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের প্রচেষ্টায় এ মেশিন পেয়েছে। আর শিল্পমন্ত্রীর ছেলে সাদী ও স্থানীয় কৃষি অফিস এ মেশিন দিয়ে নিয়মিত কৃষকদের ধান কাটা তদারকি করছেন।

শিল্পমন্ত্রীর ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী বলেন, বর্তমান সরকার দেশে করোনা পরিস্থিতির কারণে শ্রমিক সংকটের কথা মাথায় রেখে বোরো ধান উঠার আগেই কম্বাইন্ড হারভেস্টার মেশিন সারাদেশে ভর্তুকির মাধ্যমে প্রদান করেছেন। যার মাধ্যমে স্বল্প সময়ে কৃষকদের ধান কেটে ঘরে তোলা যাচ্ছে। সেজন্য এ মেশিন সারাদেশের মতো বেলাবতেও ভর্তুকির মাধ্যমে প্রদান করা হয়েছে। যার কারণে কৃষক কম সময়ে অল্প টাকায় তাদের জমির ধান ঘরে তুলতে পারছে। এটা বর্তমান সরকারের কৃষিখাতে আরো একটি মাইলফলক হিসেবে কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত