‘কৃষকবন্ধু ডাক সেবার’ উদ্বোধন

বিনা মাশুলে কৃষিপণ্য পরিবহন সেবা ডাক বিভাগের

আপডেট : ১০ মে ২০২০, ০৫:১১ এএম

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে সারা দেশে লকডাউন চলছে। এখন প্রান্তিক কৃষকের উৎপাদিত পণ্য ঢাকায় পাইকারি বাজারে বিনা মাশুলে পৌঁছে দিতে

‘কৃষকবন্ধু ডাক সেবা’ চালু করেছে ডাক অধিদপ্তর। প্রাথমিকভাবে মানিকগঞ্জ জেলার কৃষকদের উৎপাদিত শাকসবজি বিনা মাশুলে পরিবহনের মধ্য দিয়ে সেবাটি চালু করা হয়।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

মোস্তাফা জব্বার ঢাকার বেইলি রোডে বিনা মাশুলে কৃষিপণ্য পরিবহন সেবা ডাক বিভাগের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গতকাল শনিবার মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা বাজার থেকে কৃষকবন্ধু ডাক সেবার উদ্বোধন করেন।

এই সেবার আওতায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কৃষক ঘরে বসেই তার বিক্রয়লব্ধ পণ্যের টাকা পেয়ে যাবেন। এর ফলে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন।

দেশব্যাপী ডাক পরিবহনে ব্যবহৃত রাজধানীমুখী ডাক অধিদপ্তরের গাড়িগুলো কৃষকের উৎপাদিত পণ্য পরিবহনে ব্যবহার করা হবে। এতে সরকারের অতিরিক্ত কোনো খরচেরও প্রয়োজন হবে না। পর্যায়ক্রমে সারা দেশে এই সেবা চালু করা হবে বলে জানান মন্ত্রী মোস্তাফা জব্বার।

ঝিটকা বাজার থেকে ফ্রি সার্ভিসের আওতায় প্রথম দিন ১২০০ কেজি পেঁয়াজ, ৬০ কেজি কাঁচামরিচ, ৮০ কেজি বেগুন, ৬০ কেজি করলা, ৬০ কেজি চিচিংগা, ৬০ কেজি ঝিংগা, ৬০ কেজি ঢেঁড়স, ১২০ কেজি শসা এবং ১৮০টি মিষ্টি কুমড়া নিয়ে কৃষকবন্ধু ডাক সেবার গাড়ি ঢাকায় আসে। এই সব কৃষিপণ্য গাবতলী কৃষিবাজার এবং মিনাবাজার ধানমন্ডিতে পৌঁছে দেওয়া হবে। মিনাবাজার, চালডাল এবং পার্কিং বাজার কৃষকদের এসব পণ্য ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সরাসরি কিনে নিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত