বগুড়ায় এক পুলিশ কনস্টেবলসহ দুই জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই পুলিশ কনস্টেবল বগুড়াতেই কর্মরত এবং অপরজন নারায়ণগঞ্জ ফেরত যুবক।
রবিবার রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনায় আক্রান্ত পুলিশ কনস্টেবল বগুড়ায় কর্মরত আছেন। তিনি বগুড়াতেই কারো সংস্পর্শে করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও শিবগঞ্জের পিরব এলাকার বাসিন্দা ওই যুবক নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানার শ্রমিক। তিনি গত ৭ মে বাড়ি ফিরেছেন।
রবিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) থেকে ১৮৮টি নমুনা পরীক্ষার ফলাফলে বগুড়ার ৩৯টির মধ্যে ২টি পজিটিভ এবং জয়পুরহাটের ১৪৯টির মধ্যে একটি পজিটিভ। বগুড়ায় এখন করোনায় আক্রান্ত রোগীর সংখ্য ৩৯জন। তাদের মধ্যে ৯জন সুস্থ হওয়ায় এখন ৩০জন চিকিৎসাধীন রয়েছেন।
