বুন্দেসলিগা শুরুর আগে হঠাৎ ধাক্কা

আপডেট : ১১ মে ২০২০, ১২:৩৯ এএম

সব প্রস্তুতি শেষ। সূচিও চূড়ান্ত। ১৬ মে শনিবার থেকে ফের শুরু হওয়ার কথা জার্মানির শীর্ষস্থানীয় ফুটবল আসর বুন্দেসলিগা। কিন্তু এর আগে বেশ বড় ধাক্কা খেয়েছে তারা। কারণ দ্বিতীয় বিভাগের দল ডায়নামো ড্রেসডেনের দুই খেলোয়াড়ের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যে কারণে পুরো দলকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে যেতে হয়েছে।

এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ‘দ্বিতীয় বিভাগে সব ফুটবলারের পরীক্ষা করানোর অংশ হিসেবে ড্রেসডেনও অংশ নেয়। তাদের দুজন কভিড-১৯ পজিটিভ হওয়ায় ড্রেসডেন স্বাস্থ্য কর্র্তৃপক্ষের পরামর্শে গোটা দল, কোচিং স্টাফদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।’ পুরো দল কোয়ারেন্টাইনে থাকায় প্রথম সপ্তাহে ম্যাচ খেলতে পারছে না ক্লাবটি। জানানো হয়, ‘দল কোয়ারেন্টাইনে থাকায় হ্যানোভারের মাঠে (১৭ মে) গিয়ে খেলতে পারছে না ড্রেসডেন।’ আগামী ১৪ দিন পর্যন্ত ড্রেসডেন কোনো ধরনের অনুশীলন অথবা খেলায় অংশ নেবে না। বিবৃতিতে আরও বলা হয়, ‘স্বাস্থ্য কর্মকর্তা এবং লিগ কর্র্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তাদের পরামর্শ মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আমরা ১৪ দিন পর্যন্ত কোনো অনুশীলনও করব না।’

জার্মান লিগ কর্র্তৃপক্ষ দলগুলোর অনুশীলনের সময় নানারকম দিকনির্দেশনা দিয়েছে। দূরত্ব বজায় রেখে অনুশীলন করেন খেলোয়াড়রা। জার্মান ফুটবল লিগের প্রধান নির্বাহী ক্রিশ্চিয়ান সেইফের্ট বলেন, ‘আমরা শুরু থেকেই বলেছি এরকম কিছুর জন্য আমরা প্রস্তুত আছি। ১৪ দিনের কোয়ারেন্টাইন দেওয়া হলে, আমরা তাদের নিয়ে পরবর্তী সপ্তাহে ভাবব কী করা যায়।’ এখনো লিগ শেষ করার বিষয়ে বদ্ধপরিকর জার্মান লিগ কর্র্তৃপক্ষ। ক্রিশ্চিয়ান আরও বলেন, দ্বিতীয় বিভাগে এখনো ৮১ ম্যাচ বাকি আছে। আপাতত ড্রেসডেনের দুটি ম্যাচ খেলা হবে না। তাই বলে আমরা আমাদের লক্ষ্য থেকে পিছু হাঁটছি না। আমরা মৌসুম শেষ করতে চাই।’ বুন্দেসলিগা-২-তে ২৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সবার শেষে আছে ড্রেসডেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত