৩০ জুন পর্যন্ত ইউএই থেকে রেমিট্যান্স আসবে বিনা খরচে

আপডেট : ১১ মে ২০২০, ১২:৫২ এএম

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে কোনোরকম চার্জ ছাড়াই দেশে টাকা পাঠাতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। আরএকে মানি ট্রান্সফারের মাধ্যমে পাঠানো টাকা ব্যাংক এশিয়ার অ্যাকাউন্টে তাৎক্ষণিক জমা হয়ে যাবে। ফলে পুরো টাকাই প্রবাসীর স্বজনরা উত্তোলন করতে পারবেন। এছাড়া এ টাকার ওপর সরকারের দেওয়া ২ শতাংশ বাড়তি প্রণোদনা পাবেন। ব্যাংক এশিয়া ও ইউএইভিত্তিক বাণিজ্যিক ব্যাংক আরএকে ব্যাংক প্রবাসী বাংলাদেশিদের জন্য চার্জ ফ্রি রেমিট্যান্স পাঠানোর সুবিধা চালু করেছে। সর্বাধুনিক প্রযুক্তির সহায়তায় ইউএইর প্রবাসী বাংলাদেশিরা ঘরে বসে আরএকে ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে বা আরএকে ব্যাংকের শাখা থেকে চার্জ ফ্রি এ রেমিট্যান্স পাঠানোর সুবিধা নিতে পারবেন। এ সুবিধা ৩০ জুন পর্যন্ত চালু থাকবে।

ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী বলেন, প্রবাসী বাংলাদেশিদের চার্জ ফ্রি রেমিট্যান্স পাঠানোর সুবিধা দিতে আরএকে ব্যাংকের সঙ্গে এ সেবা চালু করা হয়েছে। এটি দেশে রেমিট্যান্স সেবায় একটি মাইলফলক যোগ করল। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতিতে এ সেবার মাধ্যমে আমরা প্রবাসী বাংলাদেশিদের কিছুটা হলেও সহযোগী হতে পারলাম। আমরা দেশব্যাপী আমাদের ১২৮ শাখা ও ৩ হাজার ৯০০টির বেশি এজেন্ট পয়েন্টের মাধ্যমে মানুষের দোরগোড়ায় এ রেমিট্যান্সের টাকা পৌঁছে দেব। আরএকে ব্যাংকের সিইও পিটার ইংল্যান্ড বলেন, বিশ্বব্যাপী চলমান কভিড-১৯ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের বিনা খরচে দেশে টাকা পাঠানোর সুবিধা দিতে এ সেবা চালু করেছি। ডিজিটাল ফান্ড ট্রান্সফার পদ্ধতি আরএকে মানি ট্রান্সফার ব্যবহার করে ঘরে বসে আরএকে ব্যাংকের যেকোনো শাখা থেকে গ্রাহকরা এ সেবা পেতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত