চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কুমার নদ থেকে খাদ্য মন্ত্রণালয়ের ৫০ বস্তা পচা চাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। গত শনিবার রাতে এই পচা চাল উদ্ধার করা হয়। এরপর থেকেই ঘটনা তদন্তে মাঠে নামে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল থেকে সন্দেহভাজনদের গোডাউনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। দুপুরে উপজেলা শহরের অশোক সাহার গোডাউন থেকে ১০০ বস্তা পচা চাল উদ্ধার করা হয়।
কুমার নদে ফেলে দেওয়া চাল উপজেলা শহরের অশোক সাহার গোডাউনের চালের সঙ্গে মিল পাওয়া গেলে ওই গোডাউন সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে ৫ লাখ টাকা জরিমানা করা হয় গোডাউনমালিককে।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক লিটন আলী জানান, অবৈধ মজুদের অপরাধে গোডাউনমালিক অশোক কুমার সাহার বিরুদ্ধে ১৯৫৬ সালের মজুদ আইনে নগদ ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ ছাড়া কুমার নদ থেকে উদ্ধার করা মেয়াদোত্তীর্ণ চালের আলামত রেখে ঘটনাস্থলে বাকি চাল মাটিতে পুঁতে ফেলা হয়।
