শরীয়তপুরে দুই বোনকে কুপিয়ে হাসপাতালে

আপডেট : ১২ মে ২০২০, ০১:২৫ এএম

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই বোনকে শাবল দিয়ে কুপিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে ভাই বাবুল কাজির (৬০) বিরুদ্ধে। এ ঘটনায় গত রবিবার রাতে সখিপুর থানায় মামলা করেছে ভুক্তভোগীং পরিবার। এর আগে সকাল ৭টার দিকে ওই উপজেলার নঈমুদ্দিন সরদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের মৃত খালেদ কাজির মেয়ে নাজমা বেগম (৪০) ও আসমা বেগম (৩৫)।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সখিপুর থানার নঈমুদ্দিন সরদারকান্দি গ্রামের নাজমা বেগমদের সঙ্গে চাচাতো ভাই বাবুল কাজির দীর্ঘদিন যাবৎ ১৮ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিষয় নিয়ে এলাকায় অনেকবার দরবার সালিস হয়েছে। গত রবিবার সকালে বাবুল কাজির নেতৃত্বে আল আমিন কাজি (২৫), আলমগীর কাজি (৪০), আবু তাহের (২৫), এনা সরকার (৬৫), শাহ আলম কাজিসহ (২৭) ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে সেই জমিতে ঘর তুলে জমি দখল করার চেষ্টা করে।

এ সময় নাজমা বেগম ও তার তিন বোন প্রতিবাদ করলে শাবলসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এতে আহত নাজমা ও তার বোন আসমা বেগমকে স্থানীয়রা প্রথমে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা খারাপ দেখে কর্তব্যরত চিকিৎসক তাদের শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় রাতে সখিপুর থানায় মামলা করেছেন আহত আসমা বেগমের স্বামী নুরুল হক বেপারি।

এদিকে, আসামি বাবুল কাজির সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তিনি পালিয়েছেন।

শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আকরাম এলাহী বলেন, নাজমার মাথায় গভীর ক্ষত হয়েছে। বেশ কয়েকটি সেলাই লেগেছে। আর আসমার বাঁ হাত ভেঙে গেছে।

সখিপুর থানার ওসি এনামুল হক বলেন, জমি নিয়ে মারামারির ঘটনায় একটি মামলা হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত