দেশে করোনাভাইরাস সংক্রমণে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গতকাল মঙ্গলবার করোনা শনাক্তের ৬৬তম দিনে দেশে সর্বমোট মৃত্যু ২৫০ পূর্ণ হলো। এছাড়া দেশে করোনা রোগী শনাক্তের ঊর্ধ্বগতিও অব্যাহত রয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত প্রথমবার হাজার ছাড়ানোর পরের দিন গতকালও হাজারের কাছাকাছি রোগী শনাক্ত করা হয়েছে। এদিন সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯৬৯ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অবশ্য এদিন আগের দিনের চেয়ে প্রায় চারশ নমুনা পরীক্ষা কম হয়েছে। পরীক্ষা আগের দিনের সমান বা বেশি হলে হয়তো এদিনও শনাক্ত হাজার ছাড়াত। গত দুদিনই শনাক্তের হার ছিল ১৪ শতাংশ। অর্থাৎ পরীক্ষাকৃত প্রতি একশজনের মধ্যে ১৪ জনই করোনায় আক্রান্ত পাওয়া গেছে। এদিকে ২৪ ঘণ্টায় আরও প্রায় আড়াইশ রোগী সুস্থ হওয়ায় দেশে মোট সুস্থ হওয়ার সংখ্যা গতকাল তিন হাজার ছাড়িয়েছে।
গতকাল নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় (সোমবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত) নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ৮৪৫ জনের। পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৭৭৩ জনের। এর মধ্যে ৯৬৯ জনের মধ্যে কভিড-১৯ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সর্বমোট শনাক্ত ১৬ হাজার ৬৬০ জন। ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে সুস্থ হয়েছেন আরও ২৪৫ জন। এ নিয়ে সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ১৪৭ জন।
তিনি জানান, ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ১১ জন। তাদের মধ্যে পুরুষ ৭ জন ও মহিলা ৪ জন। তাদের ৫ জনই ঢাকা শহরের। বাকিদের মধ্যে নারায়ণগঞ্জে ১ জন, নরসিংদী ১ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন ও সিলেট বিভাগে ১ জন। তাদের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ৩ জন, ৬১-৭০ এর মধ্যে ৫ জন, ৭১-৮০ এর মধ্যে ২ জন ও ৮১-৯০ এর মধ্যে আছেন ১ জন। এ নিয়ে দেশে করোনায় সর্বমোট মৃত্যুবরণ করলেন ২৫০ জন।
গতকাল থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নতুন করে নমুনা পরীক্ষা শুরু করেছে বলে বুলেটিনে জানানো হয়। এ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে মোট ৩৮টি প্রতিষ্ঠানের ল্যাবে নমুনা পরীক্ষা শুরু হয়েছে। এসব ল্যাবে এ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬৩৮টি।
করোনায় আক্রান্তদের উদ্দেশে ডা. নাসিমা বলেন, যারা করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তারা বিশেষভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির বিষয়ে নজর দেবেন। মানসিকভাবে সবসময় উজ্জীবিত থাকবেন। কারণ, মানসিকভাবে ভেঙে পড়লে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। ফুসফুস বা শ্বাসযন্ত্রের ব্যায়াম নিয়মিত চালিয়ে যাবেন, যেমন- গভীরভাবে শ্বাস নেওয়া ও ছাড়া, এরকম ব্যায়াম করে ফুসফুসকে অনেক বেশি সক্রিয় রাখবেন। বেশি করে পানি ও তরল খাবার খাবেন। কুসুম গরম পানি খাবেন ও গারগল করবেন এবং আদা চাও খেতে পারেন।
বুলেটিনে আরও জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ১৫২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন মোট ২ হাজার ৩৬১ জন। একই সময়ে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ১ হাজার ৬৬৬ জন। বর্তমানে সারা দেশে কোয়ারেন্টাইনে আছেন মোট ৪৫ হাজার ৩৮৫ জন। স্বাস্থ্য বাতায়ন-১৬২৬৩, ৩৩৩ ও আইইডিসিআরের হটলাইনে ২৪ ঘণ্টায় কল এসেছে ১ লাখ ৩৫ হাজার ১৮টি। স্থল, সমুদ্র ও বিমানপথে ২৪ ঘণ্টায় দেশে প্রবেশ করেছেন ৭১৩ জন, তাদের প্রত্যেককে স্ক্রিনিং করা হয়েছে। ২৪ ঘণ্টায় পিপিই বিতরণ করা হয়েছে ৩ হাজার ৯২০টি। বর্তমানে মজুদ আছে ৪ লাখ ৯ হাজার ৪০১টি।
