করোনা আক্রান্ত আরেক সিটি ব্যাংক কর্মকর্তার মৃত্যু

আপডেট : ১৩ মে ২০২০, ০৫:৫৮ পিএম

বেসরকারি দ্য সিটি ব্যাংকের আরো এক কর্মকর্তার মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। তার নাম আবু সাঈদ। তিনি প্রধান কার্যালয়ে সেন্ট্রাল ক্লিয়ারিং বিভাগের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তিনি স্ত্রী, একমাত্র কন্যা ও বাবাকে রেখে গেছেন।

মঙ্গলবার সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন তার বন্ধু মুসতাক কামাল তুহিন। সিটি ব্যাংকের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়।

মুসতাক কামাল তুহিন বলেন, অবস্থার অবনতি হলে সোমবার রাতে তাকে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। মঙ্গলবার সকালে তিনি মারা যান। তাকে আজিমপুর কবরস্থানে মায়ের কবরে দাফন করার কথা রয়েছে।

সিটি ব্যাংক সূত্রে জানা গেছে, সাঈদ গত সপ্তাহে অফিস করেছেন। সাধারণ ছুটির সময় লেনদেন নিরবচ্ছিন্ন রাখতে রাজধানীর তিনটি শাখা পরিদর্শন করে ক্লিয়ারিং বিভাগের সঙ্গে বৈঠকও করেছেন।

এর আগে ২৬ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিটি ব্যাংকের আরেক কর্মকর্তা (প্রধান মানবসম্পদ কর্মকর্তা) মুজতবা শাহরিয়ার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত