করোনা পরিস্থিতিতে কর্মরত সাংবাদিকদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ অনুদান দেওয়া ও তাদের জন্য নির্দিষ্ট চিকিৎসাকেন্দ্র স্থাপনে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ।
বুধবার ডিইউজের নির্বাহী পরিষদের এক ভার্চুয়াল সভায় এ আহ্বান জানানো হয়। সভায় তারা সাংবাদিকদের অধিকার সুরক্ষায় ১৭ দফা দাবি পেশ করে।
দাবির মধ্যে রয়েছে, গণমাধ্যমে ছাঁটাই বন্ধ করা, পবিত্র ঈদুল ফিতরের আগেই সংবাদকর্মীদের বকেয়াসহ চলতি মাসের বেতন ও উৎসব ভাতা প্রদান, করোনাকালে চাকরিচ্যুতদের পূর্ণবহাল, মহামারির সময় সব গণমাধ্যম মালিককে কর্মরত সংবাদকর্মীদের স্বাস্থ্যগত সুরক্ষার ব্যবস্থা করা।
তারা আরো দাবি জানান, কোনো সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হলে তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় গণমাধ্যম মালিককে বহন করতে হবে। পাশাপাশি করোনা আক্রান্ত সংবাদকর্মীর পরিবারের দেখভালও করতে হবে। করোনায় আক্রান্ত হয়ে কোনো সংবাদকর্মী মৃত্যুবরণ করলে প্রতিষ্ঠানের মালিককে ক্ষতিপূরণ হিসেবে প্রয়াত সংবাদকর্মীর পরিবারকে নগদ ন্যূনতম ৫০ লাখ এবং সরকারের পক্ষ থেকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
করোনাকালে সাংবাদিকদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ আর্থিক অনুদান, ঝুঁকি ভাতা প্রদান ও চিকিৎসাকেন্দ্রসহ সাংবাদিকদের জন্য বিমার ব্যবস্থা করার দাবি জানান ডিইউজের একাংশের নেতারা।
তারা দাবি জানান, গণমাধ্যমে বিজ্ঞাপনের ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে। বিশেষ করে গত চার বছর ধরে যে সব সংবাদপত্রে মোবাইল ফোন কোম্পানিসহ বিভিন্ন বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অঘোষিত নিষেধাজ্ঞা চলে আসছে তা প্রত্যাহার করতে হবে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছে পাওনা সংবাদপত্র, টেলিভিশন, রেডিওসহ সব গণমাধ্যমের বিজ্ঞাপনের বকেয়া বিল পরিশোধের ব্যবস্থা করতে হবে।
তারা সরকারের কাছে দাবি জানান, গণমাধ্যমের সব কর দুই বছরের জন্য এবং টেলিভিশনের স্যাটেলাইট ফি ছয় মাসের জন্য স্থগিত রাখতে হবে। বিজ্ঞাপনের আয়ের ওপর থেকে সব ভ্যাট মওকুফ করতে হবে।
ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় এ সভায় অন্যদের মধ্যে সহ-সভাপতি শাহীন হাসনাত, বাছির জামাল, রাশেদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, কোষাধ্যক্ষ গাজী আনোয়ার, সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, প্রচার সম্পাদক খন্দকার আলমগীর হোসাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম, জনকল্যাণ সম্পাদক দেওয়ান মাসুদা সুলতানা, দপ্তর সম্পাদক ডি এম আমিরুল ইসলাম অমর, কার্যনির্বাহী সদস্য রফিক মুহাম্মদ প্রমুখ অংশ নেন।
