বিমানের বাতিল ফ্লাইটের টিকিটের মেয়াদ বেড়ে ১ বছর

আপডেট : ১৪ মে ২০২০, ০৪:২৫ এএম

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে ফ্লাইট বাতিল হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কেটে যারা ভ্রমণ করতে পারেননি, তাদের টিকিটের মেয়াদ এক বছর বাড়ানোর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার বিমানের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে কেনার পর অব্যবহৃত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে যাত্রীরা কোনো চার্জ ছাড়াই ২০২১ সালের ১৪ মার্চ পর্যন্ত ভ্রমণ করতে পারবেন। কেউ চাইলে ভ্রমণ বাতিল করে টিকিটের মূল্যও ফেরত নিতে পারবেন।’

গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। ভাইরাসটির প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের যাত্রী জানুয়ারি থেকেই কমতে থাকে। ফেব্রুয়ারি থেকে কর্তৃপক্ষ ফ্লাইট সংখ্যা কমিয়ে দেয়। আর মার্চে একেবারে বন্ধ করে দেওয়া হয়। গত ২৯ মার্চ লন্ডন ও ম্যানচেস্টারের ফ্লাইট পরিচালনার পর আর আকাশে ডানা মেলেনি বিমান। তবে বিভিন্ন দেশে আটকে পড়াদের আনতে এখনো বিমানের বিশেষ ফ্লাইট পরিচালিত হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত