তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খেটে খাওয়া মানুষের জীবন ও জীবিকা রক্ষার জন্য সুচিন্তিত ও সঠিক সিদ্ধান্ত নিয়ে এগোচ্ছে সরকার। বিএনপির মহাসচিব ও সিনিয়র যুগ্ম মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার চেয়েও বিএনপি নেতারা স্বাস্থ্য বিষয়ে বেশি জ্ঞান রাখেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুহার ইউরোপ, আমেরিকার চেয়ে কম তো বটেই, প্রতিবেশী ভারত, পাকিস্তানের চেয়েও কম এবং পরম সৃষ্টিকর্তার দয়া ও বিশ্বে করোনার প্রাদুর্ভাবের পরই এমনকি করোনাভাইরাস বাংলাদেশে আসার আগেই প্রধানমন্ত্রী নানা দূরদর্শী পদক্ষেপ নিয়েছেন। যাতে কোনো মানুষই মৃত্যুবরণ না করে, আর যাতে মানুষ আক্রান্ত না হয়, সেই লক্ষ্য নিয়েই আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।’
‘লকডাউন খুলে দিয়ে সরকার ভুল করেছে’ বিএনপির এ মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, রুহুল কবির রিজভী সাহেব এবং আরও কোনো কোনো নেতার বক্তব্যে মনে হয়, তাদের পরামর্শটা যদি ইউরোপ-আমেরিকা শুনত, তাহলে তারাও এই বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেত। তাদের কথায় মনে হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার চেয়েও বিএনপি নেতারা স্বাস্থ্য বিষয়ে বেশি জ্ঞান রাখেন এ ধরনের হাস্যকর কথা তারা বলেছেন।’
যেখানে স্পেন-ইতালিতে এখনো প্রতিদিন প্রায় দুইশর মতো মানুষ মৃত্যুবরণ করছে, সেখানে তারা লকডাউন শিথিল করেছে, ভারতে প্রতিদিন একশর বেশি মানুষ মৃত্যুবরণ করছে, সেখানেও অনেক জায়গায় লকডাউন শিথিল করা হয়েছে এ সবই মানুষের জীবিকা রক্ষার কারণে, বলেন ড. হাছান।
সাংবাদিক কবি ফখরে আলমের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি ও কবি ফখরে আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী ফখরে আলমের দীর্ঘ এবং অনুসন্ধিৎসু সাংবাদিকতার জীবন ও কাব্যপ্রতিভাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ড. হাছান প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও তার শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
