স্ত্রী ও সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা!

আপডেট : ১৭ মে ২০২০, ০৭:১৬ এএম

রংপুরের গঙ্গাচড়া উপজেলার একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের বালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, স্ত্রী ও সন্তানকে গলা কেটে হত্যার পর আত্মহত্যা করেছে স্বামী। নিহতরা হলো হাফিজুল ইসলাম (৩০), তার স্ত্রী ফাতেমা বেগম (২৫) ও তাদের দেড় বছর বয়সী মেয়ে হুমায়রা।

গঙ্গাচড়া থানার পরিদর্শক (তদন্ত) নূর আলম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে বিছানা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করে। তাদের গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আর হাফিজুলের লাশ ঘরে বাঁশের সঙ্গে ঝুলন্ত ছিল। ধারণা করা হচ্ছে, স্ত্রী ও সন্তানকে হত্যার পর হাফিজুল আত্মহত্যা করেছে।

গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

বড়বিল ইউনিয়নের চেয়ারম্যান আফজালুল হক বলেন, ‘হাফিজুল দীর্ঘদিন ধরে ঢাকায় ছিলেন। সেখানে চাকরি করতেন। করোনার কারণে ঢাকা থেকে তিনি গ্রামে আসেন। ওই পরিবারে বেশ কিছুদিন ধরে কলহ চলছিল। বাড়িতে তারা ছাড়া আর কেউ বসবাস করতেন না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত