শেখ হাসিনা ৮১ সালে এসেছিলেন বলেই জাতি কলঙ্কমুক্ত হয়েছে : কাদের

আপডেট : ১৮ মে ২০২০, ০৭:১৫ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে এসেছিলেন বলেই বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনা সংকটের শুরু থেকেই প্রধানমন্ত্রী কার্যকর পদক্ষেপ নিয়েছেন বলেই বাংলাদেশ এখনো বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এই সংক্রমণ থেকে কিছুটা ভালো অবস্থানে আছে।

গতকাল রবিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং বিভিন্ন সংগঠনের মাঝে ত্রাণসামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বজয়ের দ্বারপ্রান্তে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘শেখ হাসিনার জন্যই বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলে বঙ্গবন্ধু হত্যার বিচার করে তিনি জাতিকে কলঙ্কমুক্ত করেছেন। যুদ্ধাপরাধের বিচার করে জাতিকে পাপমুক্ত করেছেন।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব, যোগ্যতা, নিষ্ঠা, মেধা-মনন, সৃজনশীলতা ও দূরদর্শী নেতৃত্বে একসময়ের দারিদ্র্য-দুর্ভিক্ষে জর্জরিত বাংলাদেশ অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম করে আজ বিশ্বজয়ের নবতর অভিযাত্রায় এগিয়ে চলেছে। তার নেতৃত্বে বিশ্বসভায় বিশেষ মর্যাদায় আজ বাংলাদেশ আসীন হয়েছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক মহামারী করোনা সংকটের ক্রান্তিলগ্নে জনগণের জীবন ও জীবিকার সুরক্ষা নিশ্চিত করতে দিবারাত্রি নিঃস্বার্থভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তার সুদক্ষ নেতৃত্বে করোনা সংকট জয় করে বাংলাদেশ কাক্সিক্ষত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় দুর্বার গতিতে এগিয়ে যেতে সক্ষম হবে ইনশাআল্লাহ।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, উপদেষ্টামণ্ডলীর সদস্য এ কে এম রহমতুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস, উপদপ্তর সম্পাদক সায়েম খান।

পরে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে চিকিৎসা সরঞ্জাম ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত