ম্যারিকোর ছয় বছরে সর্বোচ্চ প্রবৃদ্ধি

আপডেট : ১৯ মে ২০২০, ০৫:০৬ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ব্যবসা ধারাবাহিকভাবে বাড়ছে। দেশে প্রসাধনসামগ্রী বিশেষ করে নারকেল তেলের একচেটিয়া ব্যবসা রয়েছে কোম্পানিটির। পণ্য বিক্রি বাড়ার সঙ্গে সঙ্গে ম্যারিকোর মুনাফাও আকর্ষণীয় হারে বাড়ছে। ২০২০ সালের মার্চ সমাপ্ত হিসাব বছরে নিট মুনাফায় কোম্পানিটি ছয় বছরের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে।

পর্যালোচনায় দেখা গেছে, ২০২০ সালের মার্চ সমাপ্ত হিসাব বছরে ম্যারিকো বাংলাদেশের নিট মুনাফা হয়েছে ২৬৩ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে প্রায় ৩১ শতাংশ বেশি। গত ছয় বছরের মধ্যে মুনাফায় এটি সর্বোচ্চ প্রবৃদ্ধি। ২০১৯ সালেও কোম্পানিটির নিট মুনাফায় ২২ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হয়। এর আগে ২০১৬ ও ’১৭ সালে প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৩ শতাংশ ও ৫ শতাংশ। আর ২০১৮ সালে নিট মুনাফায় প্রবৃদ্ধি ছিল প্রায় ১৪ শতাংশ। এর আগে ২০১৪ সালে ম্যারিকো প্রায় ৬০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে। তবে পরের বছর প্রবৃদ্ধি সামান্য ঋণাত্মক ছিল।

ম্যারিকো বাংলাদেশের পণ্য বিক্রিতে গত ছয় বছরে প্রবৃদ্ধি হয়েছে ৩৩ দশমিক ৪ শতাংশ। কিন্তু একই সময়ে নিট মুনাফা বেড়েছে ৯৬ শতাংশ। মূলত এ সময়ে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দর কমায় কোম্পানির উৎপাদন ব্যয় কমে এসেছে, যা নিট মুনাফা বাড়াতে সহায়তা করছে। পর্যালোচনায় দেখা গেছে, প্রতি বছর কোম্পানির উৎপাদন ব্যয় হয় মোট বিক্রির ৫০ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত। কিন্তু ২০২০ সালের সমাপ্ত হিসাব বছরে উৎপাদন ব্যয় নেমে আসে ৪২ শতাংশে, যা আগের বছরও ছিল ৫১ শতাংশ। উৎপাদন ব্যয় কমে আসায় মোট মুনাফায় ভালো প্রবৃদ্ধি আসে। ২০১৫ সালে কোম্পানির উৎপাদন ব্যয় ছিল মোট বিক্রির ৫৫ শতাংশ।

২০২০ সালের মার্চ সমাপ্ত হিসাব বছরে ম্যারিকো বাংলাদেশের পণ্য বিক্রি থেকে আয় হয় ৯৭৯ কোটি ৫৯ লাখ টাকা, যা আগের বছরের চেয়ে ১১ দশমিক ৭ শতাংশ বেশি। আগের বছরের চেয়ে বিক্রি বাড়লেও উৎপাদন ব্যয় উল্টো ৩৫ কোটি টাকা কমেছে। ২০২০ সালে ম্যারিকোর মোট মুনাফা হয় ৫৬৭ কোটি টাকা, যা আগের বছর ছিল ৪৪৭ কোটি টাকা। অবশ্য বিক্রি বাড়ায় ২০২০ সমাপ্ত বছরে কোম্পানির প্রশাসনিক, বিক্রয় ও বাজারজাতকরণ ব্যয় বেড়েছে। এরপরও কোম্পানির পরিচালন মুনাফা হয়েছে ৩৩৭ কোটি ৮৮ লাখ টাকা, যা আগের বছরের চেয়ে ৩০ শতাংশ বেশি।

২০২০ সালের মার্চ সমাপ্ত হিসাব বছরে ম্যারিকোর সুদবাবদ আয়ও বেড়েছে সাড়ে ৫ কোটি টাকা। এতে করে কর-পূর্ববর্তী মুনাফা দাঁড়ায় ৩৫৭ কোটি টাকা। এ সময়ে ৯২ কোটি ৫৮ লাখ টাকা কর পরিশোধের পর নিট মুনাফা দাঁড়ায় ২৬৩ কোটি টাকা, যা আগের বছর ছিল ২০১ কোটি টাকা। ২০১৫ সালে কোম্পানির নিট মুনাফা ছিল ১৩৪ কোটি টাকা। ফলে ছয় বছরে ম্যারিকোর নিট মুনাফায় প্রবৃদ্ধি হচ্ছে ৯৬ শতাংশ।

ম্যারিকোর পণ্য বিক্রির দুই-তৃতীয়াংশ আসে প্যারাসুট ব্র্যান্ডের নারিকেল তেল থেকে। ২০২০ সালের মার্চ সমাপ্ত হিসাব বছরে প্যারাসুট নারিকেল তেল বিক্রি করে কোম্পানির আয় হয় ৬৩৬ কোটি টাকা, যা মোট টার্নওভারের ৬৫ শতাংশ। এছাড়া নিহারসহ অন্যান্য ভ্যালু অ্যাডেড হেয়ার অয়েল থেকে ২৬২ কোটি টাকা আয় হয়েছে। প্যারাসুট তেল থেকে ২০২০ সালে তেমন প্রবৃদ্ধি না হলেও ভ্যালু অ্যাডেড হেয়ার অয়েল থেকে এ সময় ২৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এছাড়া অন্যান্য প্রসাধনী পণ্য বিক্রিতেও প্রবৃদ্ধি রয়েছে।

২০২০ সালের জন্য ম্যারিকো বাংলাদেশ শেয়ারহোল্ডারদের ৯৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির মোট শেয়ারের ৯০ শতাংশ রয়েছে উদ্যোক্তাদের হাতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত