স্নায়বিক যুদ্ধ চলছে সব সময়

আপডেট : ১৯ মে ২০২০, ০৬:১৭ এএম

লালনকন্যাখ্যাত সংগীতশিল্পী নাসরিন আক্তার বিউটি। তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

শেষ কাজ...

এ বছর তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে গত ১৬ মার্চ প্যারেড গ্রাউন্ড মাঠে একটি বড় ধরনের সরকার সরকারি অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে গেয়েছিলাম। এরপর বৈশাখী টিভিতে একটি অনুষ্ঠান রেকর্ডিং করি। সেই থেকে ঘরবন্দি।

লকডাউনের দিনগুলো...

লকডাউনের বেশির ভাগ সময় আমার পরিবারের সুরক্ষার জন্যই দিতে হচ্ছে। প্রতিটি পদক্ষেপে আগের চেয়ে অনেক সচেতন হয়েছি। আমার ছেলে নাজিব আহমেদ রায়াতকে সময় দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি। ওর স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি ওকে বাংলা পড়া শেখাচ্ছি। ছড়া শিখেছে কয়েকটা। মার্চের ১৬ তারিখ থেকে আর বাসার বাইরে যাইনি। এজন্য বিভিন্ন টিভি চ্যানেলের অনেকগুলো প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। কারণ সংসারের অন্য সদস্যদের প্রতি দায়বদ্ধতা অনেক বেশি। ঘরে থেকেও পরিবারের সুরক্ষার জন্য একটা স্নায়বিক যুদ্ধ চলে সব সময়।

আগামীর সংগীত অঙ্গন...

সংগীত মানুষের মনোরঞ্জনের একটা মাধ্যম। আসলে মানুষ ভালো থাকলে, একটা সমাজ ভালো থাকলে তখন কিন্তু মনোরঞ্জনের ব্যবস্থা করা হয়। কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থা খুব সমস্যার সম্মুখীন হয়ে পড়েছে। সব মিলিয়ে সংগীত অঙ্গনে একেবারে অন্ধকার দেখছি। একটু একটু করে সংগীত অঙ্গন বড় ধরনের ক্ষতির মধ্যে চলে যাচ্ছে।

মানুষের পাশে...

আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, আমার কিছু নিকটাত্মীয় এবং প্রতিবেশীদের খোঁজ সব সময় রাখা হয়, যারা আর্থিকভাবে কিছুটা অসচ্ছল। প্রতি বছরই নানাভাবে তাদের পাশে থাকার চেষ্টা করি। গত এপ্রিলে সারা দেশ যখন অচল হয়ে পড়েছিল, তখন ভাইয়ের মাধ্যমে আমার গ্রামে প্রায় ৬০টি পরিবারের মধ্যে এক সপ্তাহের প্রয়োজনীয় বাজার তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। সব সময় আমার পাশের মানুষগুলোকে সহযোগিতার চেষ্টা করছি।

আশাবাদিতা...

একটা সুন্দর সকালের প্রত্যাশা করি সব সময়। প্রতিদিন মনে করি আজ থেকে করোনা সমস্যা শেষ হয়ে যাবে। আল্লাহ সবকিছু ঠিক করুক। আবার আগের মতো আমরা ফিরে যাব যে যার কর্মস্থলে।

            অনুলিখন : শেখ শাহরিয়ার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত