পঞ্চগড়ের বোদা উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান (৬৫) মারা গেছেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কভিড হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আমিনুর রহমানের বাড়ি বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের প্রধানপাড়া গ্রামে। তিনি কিডনি সমস্যায় ভুগছিলেন। নিয়মিত ডায়ালিইসিস করতে হতো।
ঢাকায় তার ছেলের বাসায় থেকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। কয়েকদিন আগে ঢাকায় মারা যাওয়া স্ত্রীর লাশ নিয়ে তিনি পরিবারসহ নিজ বাসায় ফিরে আসলে বাসাটি লকডাউন করাসহ পরিবারের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়।
১৫ মে ওই পরিবারের চারজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করলে রবিবার (১৭ মে) তার নমুনার রিপোর্ট পজিটিভ আসে। তবে পরিবারের অন্য সদস্যদের রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়।
করোনা শনাক্ত হওয়ার রিপোর্ট পাওয়ার পরপরই করোনা আক্রান্ত হওয়া ব্যক্তির বাড়ির আশপাশের কয়েকটি বাড়ি বাড়তি সতর্কতার জন্য লকডাউন করে রাখা হয় বলে বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. সোলায়মান আলী জানান।
আমিনুর রহমানের অবস্থার দ্রুত অবনতি হলে সিভিল সার্জন সোমবার তাকে বিশেষ ব্যবস্থায় অ্যাম্বুলেন্সে করে ঢাকায় স্থানান্তর করেন। কিন্তু তার সন্তানরা অ্যাম্বুলেন্সের চালককে জোর করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কভিড হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের বাবাকে ভর্তি করায়। সেখানে করোনার চিকিৎসা থাকলেও ডায়ালাইসিসের কোনো ব্যবস্থা ছিল না। চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে যেতে বার বার অনুরোধ করলেও সন্তানদের রাজি করাতে পারেননি বলে রংপুর মেডিকেল কলেজ কভিড হাসপাতালের চিকিৎসক এসএম নূরুন নবী অভিযোগ করেন।
সিভিল সার্জন জানান, এ পর্যন্ত জেলার ৮১৩ জনের মধ্যে ৭৮৫ জনের রিপোর্ট পাওয়া গেছে। ২৪ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। এদের মধ্যে ৮ জন সুস্থ হয়ে বাড়িতে অবস্থান করছেন।
