করোনাভাইরাস থেকে সেরে উঠে কয়েক সপ্তাহের মধ্যে ফের কভিড-১৯ পজিটিভ হচ্ছেন অনেকে। তবে এ নিয়ে আশঙ্কা দেখছেন না দক্ষিণ কোরিয়ার গবেষকেরা। তাদের মতে, দ্বিতীয়বার আক্রান্ত হওয়া এসব রোগী অন্যদের সংক্রমিত করতে পারবেন না।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, কোরিয়ান সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর বিজ্ঞানীরা ২৮৫ জন রোগীর ওপর গবেষণা চালিয়েছে, যারা করোনা থেকে সেরে উঠার পরেও ফের তাদের দেহে ভাইরাসটির উপসর্গ দেখা দিয়েছে ।
তবে দ্বিতীয়বার পজিটিভ রোগীরা ভাইরাসটি সংক্রমণ করছেন এমন প্রমাণ পাওয়া যায়নি এবং তাদের দেহ থেকে সংগৃহীত ভাইরাসের নমুনা ‘কালচার’ করা যায়নি, তার মানে ল্যাবরেটরিতে পরীক্ষার উপযুক্ত করে তোলা যায় নি। এর অর্থ হলো যে এই রোগীরা যে ভাইরাস কণিকা ত্যাগ করছেন, সেগুলি মৃত কণিকা, যার দ্বারা সংক্রমণ সম্ভব নয়।
সোমবার রাতে প্রকাশিত হওয়া এই গবেষণাটিকে করোনা নিয়ন্ত্রণের জন্য সুখবর হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আক্রান্ত ব্যক্তিরা সুস্থ হয়ে উঠলে তারা বলতে গেলে নিরাপদ। তাদের সঙ্গে সামাজিক দূরত্ব মেনে চলা নিয়েও দুশ্চিন্তায় পড়তে হবে না।
