বলা চলে বাংলাদেশে ডিজিটাল ব্যবস্থার যাত্রা শুরু হয় প্রায় এক যুগে আগে আওয়ামী লীগের হাত ধরে। তবে সেই ক্ষমতাসীন দলটির ওয়েবসাইটের ((albd.org) ইংরেজি ও বাংলা সংস্করণে বড় ধরনের ভুল পাওয়া গেছে। গত ডিসেম্বরে সর্বশেষ সম্মেলনে যারা নতুন দায়িত্ব পান তাদের পদ-পদবি নিয়ে থাকা ওই ভুল পাওয়া গেছে গতকাল বুধবারও।
আওয়ামী লীগের ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য ১৭ জন। ওয়েবসাইটের ইংরেজি সংস্করণে তাদের পরিচয় দেওয়া হয়েছে অ্যাডভাইজর (উপদেষ্টা) হিসেবে। ওয়েবসাইটের বাংলা সংস্করণেও কমিটির সবার পরিচয় ইংরেজিতে দেওয়া আছে। সভাপতিম-লীর সদস্যদের পদবির জায়গায় ইংরেজি সংস্করণের মতো অ্যাডভাইজর লেখা আছে। দুই সংস্করণের কোথাও উপদেষ্টামন্ডলীর সদস্যদের নাম নেই।
এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা এসব ভুলকে অমার্জনীয় ভুল হিসেবে অভিহিত করেন। তারা বলেন, সাইটটি দেখাশোনা করে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই। ভুলটি তাদেরই। ক্ষমতাসীন দলটির কেন্দ্রীয় নেতাদের অনেকেই আবার বলেন, ভুলটি তাদের চোখে পড়েনি। তাই কোনো প্রতিক্রিয়াও জানাতে অপারগতা প্রকাশ করেন তারা।
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, দলে হঠাৎ করে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। যে যার মতো করে কাজ করে যাচ্ছে। একটা হ-য-ব-র-ল অবস্থা। কাজ না করেও অমুক করেছি, তমুক করেছি জাহির করে সুবিধা নিতেই ব্যস্ত হয়ে পড়েছেন অনেকে।
সম্পাদকমণ্ডলীর আরেক সদস্য দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা দাবি করে আসছি বিভিন্ন মহল সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের নামে গুজব ছড়িয়ে বেড়াচ্ছে। বিভিন্ন সাইট তো আমাদেরও আছে, আমাদের নেতাকর্মীরাও তো সামাজিক যোগাযোগমাধ্যম চালায়। কই তাদের তো গুজবের জবাব দিতে দেখি না।’ তিনি বলেন, ‘রাজনীতি চলছে এখন নিজেকে জাহির করার। এছাড়া ভেতরে সবই ফাঁকা।’
