এবার ডিএসসিসির রাজস্ব কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন মেয়র তাপস

আপডেট : ২১ মে ২০২০, ০৬:২৫ এএম

শীর্ষ দুই কর্মকর্তার পর এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাজস্ব কর্মকর্তা আতাহার আলী খানকে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল বুধবার মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তার চাকরিচ্যুতির অফিস আদেশে স্বাক্ষর করেন। মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পরদিন গত রবিবার ওই দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছিলেন তিনি।

গতকালের আদেশে বলা হয়, রাজস্ব বিভাগের বাজার সার্কেল-৩-এর কর্মকর্তা বর্তমানে নগর পরিকল্পনা বিভাগে সংযুক্ত আতাহার আলী খানকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯-এর বিধি ৬৪ (২) মোতাবেক জনস্বার্থে এবং করপোরেশনের স্বার্থ রক্ষার্থে চাকরি থেকে অপসারণ করা হলো। তিনি বিধি মোতাবেক ৯০ দিনের বেতন নগদ প্রাপ্য হবেন। তাকে করপোরেশনের হিসাব বিভাগের সঙ্গে অতিসত্বর যোগাযোগ করে সব দেনা-পাওনা বুঝে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

সংশ্লিষ্টরা বলছেন, দায়িত্ব নেওয়ার পরপরই মেয়র তাপস কয়েকজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করে ডিএসসিসিকে দুর্নীতিমুক্ত সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রমাণ দেওয়া শুরু করেছেন। ওই কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দুর্নীতির নানা অভিযোগ উঠেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত