করোনাপরবর্তী এভিয়েশন খাতের পরিস্থিতি মোকাবিলায় মতবিনিময় সভা করেছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) অন্তর্ভুক্ত কোল্যাবোরেটিভ অ্যারেঞ্জমেন্ট ফোর প্রিভেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ পাবলিক হেলথ ইভেন্টস ইন সিভিল এভিয়েশন (ক্যাপসকা)।
বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে মহামারি করোনা ভাইরাসের কবল থেকে বিশ্ব কিভাবে উত্তরণ ঘটাতে পারে এবং করোনাপরবর্তী অবস্থা কিভাবে মোকাবিলা করতে হবে এ বিষয়ে আলোচনা হয়।
ভিডিও কনফারেন্সে ক্যাপসকার বর্তমান চেয়ারপারসন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান মহামারি পরিস্থিতি থেকে উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব এবং দিক নির্দেশনার কথা উল্লেখ করে এভিয়েশন খাতকে টিকিয়ে রাখতে বেবিচকের নেয়া পদক্ষেপসমূহ তুলে ধরেন।
একই সাথে ক্যাপসকার সব সদস্য দেশকে সম্মিলিতভাবে করোনার এ দুর্যোগময় পরিস্থিতি সাহসের সাথে মোকাবিলা করার জন্য সর্বাত্মক পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান ।
আইকাওয়ের মেডিসিন সেকশনের প্রধান এবং ক্যাপসকার গ্লোবাল প্রোগ্রাম ম্যানেজার ডা. আনসা জর্ডান এভিয়েশন সেবা প্রদানকারী সকলের স্বাস্থ্য সুরক্ষা করেও কিভাবে যাত্রীদের স্বাস্থ্যসম্মত সেবা প্রদান করা যায় সে ব্যাপারে আলোচনা করেন।
ভিডিও কনফারেন্সের শুরুতে কোভিড-১৯ এ মৃত্যুবরণকারীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
কনফারেন্সে চীন, জাপান, সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়া কোভিড-১৯ মোকাবিলায় তাদের নিজ নিজ দেশের এভিয়েশন সেক্টরের গৃহীত পদক্ষেপগুলো এবং বিশেষ করে বিমান চলাচল আবার শুরু করতে নেয়া পরিকল্পনাগুলো নিয়ে আলোচনা করেন ।
কনফারেন্সে ক্যাপসকার কো-চেয়ারপারসন এবং সিএএবির এভিয়েশন পাবলিক হেলথ ইন্সপেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুর রব মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের বিমানবন্দর শাখার স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
