অমিতাভের সামনে ধূমপান নিয়ে আমিরের অস্বস্তি

আপডেট : ২২ মে ২০২০, ১০:০৩ এএম

বলিউডের হালের বেশির ভাগ সুপারস্টার একাধিকবার অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছেন, তাদের মাঝে ব্যতিক্রম আমির খান। মাত্র একটি সিনেমায় অভিনয় করেছেন দুই তারকা। ২০১৮ সালে মুক্তি পায় বক্স অফিসে চরমভাবে ধরা খাওয়া ‘থাগস অব হিন্দুস্তান’ নামের এই ছবি।

জানা যায়, সেটে অমিতাভের সামনে সিগারেট খাওয়ার সময় অস্বস্তি হতো আমির খানের। বিশেষ করে আউটডোরে কিংবা কোনো প্রত্যন্ত অঞ্চলে শুটিং চলাকালীন প্রথম প্রথম অমিতাভের সামনে সিগারেট খেতে লজ্জা পেতেন।

ওই সময় তিনি একদিন শাহরুখের বাড়ি যান কাজের সূত্রে। ‘অমিতজি’র সামনে সিগারেট খাওয়া যায় কি-না, সে ব্যাপারে শাহরুখের কাছে পরামর্শ চান আমির। একাধিকবার বিগ বি’র সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কিং খান। তিনি এই বলে আশ্বস্ত করেন যে, “মিস্টার বচ্চনের সামনে সিগারেট খাওয়াই যেতে পারে, উনি কিছু মনে করেন না।”

এই আলাপের বেশ কিছু পরে কথায় কথায় প্রসঙ্গটি আমিরকে প্রশ্ন করেন অমিতাভ নিজেই। আমির অবাক হয়ে যেতে অমিতাভ জানান, “ফটোগ্রাফারের মারফত খবরটা তার কানে পৌঁছেছে!”

আমির তখন সরাসরি তার কাছেই অনুমতি চেয়ে বসেন ধূমপানের। জবাবে অমিতাভ বলেছিলেন, ‘‘আমার সামনে সিগারেট খেতেই পার, কিন্তু সেটা তোমার নিজের স্বাস্থ্যের পক্ষে মোটেই ভালো নয়।’’

আমিরকে সামনে দেখা যাবে হলিউড সিনেমার রিমেক ‘লাল সিং চাড্ডা’য়। অমিতাভের হাতে আছে চেহারা, ব্রহ্মাস্ত্রসহ বেশ কিছু ছবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত