ছেলেকে বাঁচিয়ে সাগরে ভেসে গেলেন রেসলিং তারকা

আপডেট : ২৩ মে ২০২০, ০২:১১ এএম

১০ বছরের ছেলেকে নিয়ে সাগরে সাঁতার কাটতে গিয়েছিলেন ডব্লিউডব্লিউইর সাবেক রেসলার শ্যাড গাসপার্ড। এক পর্যায়ে স্রোত তীব্র হওয়ায় ভেসে যেতে থাকেন দুজনেই। সৈকতে উপস্থিত লাইফগার্ডরা চেষ্টা করলেও দুজনকেই এক সঙ্গে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না।

গাসপার্ড তাই শুধু ছেলেকে বাঁচাতে অনুরোধ করেন লাইফগার্ডদের। সেই মতোই কাজ করেন তারা। ছেলেকে উদ্ধার করে বাবাকে উদ্ধারের চেষ্টাও করেছিলেন। কিন্তু ততক্ষণে তীব্র স্রোত ভাসিয়ে নিয়ে যায় গাসপার্ডকে।

গত রবিবার ক্যালিফর্নিয়ার সমুদ্র সৈকতে এই ঘটনা ঘটে। নিখোঁজ গাসপার্ডের সন্ধান চলছিল এরপর থেকেই। তিন দিন পর গত বুধবার ৩৯ বছর বয়সী গাসপার্ডের মৃত দেহ পাওয়া যায় লস এঞ্জেলেসের ভ্যানিস বিচে।

শ্যাড গাসপার্ডের প্রয়াণে শোকস্তব্ধ রেসলিং জগৎ। ডব্লিউডব্লিউই-তে থাকাকালীন জনপ্রিয় ক্রাইম টাইম- ডব্লিউডব্লিউই ক্রাইম টাইম জুটির অংশ ছিলেন শ্যাড গাসপার্ড। ২০১০ সালে রিং থেকে অবসরের পর পার্শ্ব অভিনেতা হিসেবে ক্যারিয়ারের চেষ্টা করছিলেন গাসপার্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত