ঈদের আনন্দের চেয়ে বেঁচে থাকা বড় চ্যালেঞ্জ : কাদের

আপডেট : ২৩ মে ২০২০, ০৬:১৯ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে ঘূর্ণিঝড় আম্পান-পরবর্তী পুনর্বাসন তৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনাসংকট পরিস্থিতিতে ঈদের আনন্দের চেয়ে বেঁচে থাকাই বড় চ্যালেঞ্জ। গতকাল শুক্রবার সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে ঢাকা বিশ^বিদ্যালয়ের মধুর ক্যান্টিনে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণের সময়ে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা দুটো চ্যালেঞ্জ মোকাবিলা করছিÑকরোনা সংক্রমণ রোধ ও চিকিৎসা এবং সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাইক্লোন-পরবর্তী পুনর্বাসন তৎপরতা ইতিমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, দুর্যোগের অমানিশার আলো হাতে আঁধারের সাহসী কাণ্ডারি প্রধানমন্ত্রীর নির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে চলছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্বাসন। সশস্ত্র বাহিনীর, বিশেষ করে সেনা-নৌ-বিমানবাহিনীর প্রশাসন উপদ্রুত এলাকায় উদ্ধার তৎপরতা, পুনর্বাসন ও চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছে এবং বেড়িবাঁধ মেরামতে কাজ করছে। পাশাপাশি পুলিশ ও অন্যান্য সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো একযোগে কাজ করে চলছে।’

যেকোনো দুর্যোগে বাংলাদেশ থেমে থাকেনি উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিকূলতা ডিঙিয়ে মর্যাদার সঙ্গে মাথা তুলে দাঁড়ানো এক দেশ বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনাসংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করব।’

ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকাবাসীর উদ্দেশে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘আপনারা মনে সাহস রাখুন, মনোবল হারাবেন না, দুর্যোগ-দুর্বিপাকে পরীক্ষিত ও সাহসী নেত্রী শেখ হাসিনা এবং তার সরকার আপনাদের পাশে রয়েছে।’

করোনাসংকটে আওয়ামী লীগের ত্রাণ তৎপরতার কথা তুলে ধরে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘করোনাসংকটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তৎপরতা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। মাটি ও মানুষের দল অতীতে মানুষের সঙ্গে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ ছিন্নমূল শিশু, ভাসমান অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদের আগে উপহারসামগ্রী বিতরণ করছে, যা প্রশংসনীয় উদ্যোগ।’

ঈদের আগে সারা দেশে নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে আবারও আহ্বান জানান তিনি।

করোনা প্রাদুর্ভাবের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এবার এক ভিন্ন বাস্তবতায় ঈদুল ফিতর আসন্ন। ঈদের আনন্দ উদযাপনের চেয়ে বেঁচে থাকার লড়াই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বেঁচে থাকলে আমরা ভবিষ্যতে ঈদ উদযাপনের অনেক সুযোগ পাব। এখন করোনাবিরোধী লড়াইয়ে আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা পালন করি, স্থানান্তর না করি, স্বাস্থ্যবিধি মেনে চলি।’

এ সময় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এবং ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত