ফতুল্লায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

আপডেট : ২৫ মে ২০২০, ১১:১২ এএম

নারায়ণগঞ্জে ঈদের চাঁদ রাতে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন হয়েছে। খুন করে পালিয়ে যাওয়ার সময় রক্তাক্ত অবস্থায় পুলিশের হাতে আটক হয়েছেন অভিযুক্ত যুবক। সোমবার রাত একটায় ফতুল্লার মুসলিমনগর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ছুরিকাঘাতে নিহত ফেরদৌস (৩০) পটুয়াখালী জেলার শুভডুগী গ্রামের আব্দুল মিয়ার ছেলে। আর অভিযুক্ত বন্ধু রাকিব (২৯) শরীয়তপুর জেলার পোপনচর গ্রামের সোবহান মিয়ার ছেলে।

তারা উভয়েই মুসলিমনগর এলাকায় একই বাসায় ভাড়া থাকতেন। দুজনে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

রাত ১টার দিকে বাড়ির গোসলখানায় হঠাৎ চিৎকার শুনতে পেয়ে এলাকাবাসী দৌড়ে গিয়ে দেখে রাকিব রক্তমাখা ছুরি হাতে দাঁড়িয়ে আছে আর নিচে পড়ে আছে ছুরিকাহত ফেরদৌস। এ দৃশ্য দেখে কয়েকজন চিৎকার দিলে রাকিব দৌড়ে পালিয়ে যায়।

নিহতের স্ত্রী সাদিয়া আক্তার দেশ রূপান্তরকে জানান, এক মাস আগে ফেরদৌসের সাথে তার বিয়ে হয়। তার স্বামীর সাথে রাকিবের বন্ধুত্ব ছিল। কিন্তু কি নিয়ে দুজনের মধ্যে খুনোখুনি হয়ে গেলো তা জানেন না তিনি।

অপরদিকে পালিয়ে যাওয়ার সময় ঘাতক রাকিবকে আহত অবস্থায় ফতুল্লার পঞ্চবটি এলাকা থেকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন দেশ রূপান্তরকে বলেন, নিহতের পেটে ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে, খুনের কারণ এখনও জানা যায়নি।

লাশ নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত