করোনা দুর্যোগে ঘরেই কাটাতে হচ্ছে ঈদ। তারকাদের ঘরবন্দি ঈদের খবর নিয়েই দেশ রূপান্তরের ঈদ আয়োজন...
মিস ওয়ার্ল্ড বাংলাদেশখ্যাত তারকা জান্নাতুল ফেরদৌস ঐশী এবার ঈদ কাটাচ্ছেন ঢাকায়, নানির বাসায়। ঐশী বলেন, ‘এবার আমি ঢাকায় আছি, নাানির বাসায়। বাবা মা গ্রামের বাড়িতে। অন্যান্য ঈদের মতোই ঈদ কাটাচ্ছি। ঢাকার ঈদ আমি একদমই এনজয় করিনা। সারা দিন বাসাতেই থাকা হয়। বাসায় থাকা, খাওয়া দাওয়া, রান্না বান্না করা। এবারও সেভাবেই কাটছে। তবে অন্য বছরের চেয়ে এ বছর একটা পার্থক্য আছে আর সেটা হলো- এ বছর আমি নতুন কোনো কাপড়-চোপড় কিনি নাই। পুরোনো কাপড়েই ঈদ উদ্যাপন করছি।’
ঘরবন্দি ঈদে কোনো আফসোস কাজ করে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘মোটেই না। আমি চাইলেই নতুন কাপড় কিনতে পারতাম। কিন্তু করোনার এই পরিস্থিতে সেটা আমি চাইনি। এই পরিস্থিতিতে নতুন কাপড় পরার কোনো মানে হয় না।’
লকডাউনের কারণে দীর্ঘদিন ঘরবন্দি ছিলেন। এই সময়টা কেমন কাটল? জবাবে ঐশী বলেন, ‘পুরো রমজান মাস কেটেছে ইবাদাত করে, নামাজ রোজা কোরান পড়ে। ইবাদাত হচ্ছে দ্য বিগেস্ট মেডিটেশন, ফলে কোনো ধরনের মানসিক অস্থিরতাও কাজ করেনি।’
