লকডাউন করার দুই দিনের মাথায় আবারো উৎপাদনে গেছে বান্দরবানের একমাত্র রপ্তানিমুখী পোশাক কারখানা লুম্বিনী লিমিটেড।
গত সোমবার এক কর্মী করোনা পজিটিভ হওয়ায় সেদিন রাতেই জেলা প্রশাসন কারখানাটি ৮ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করে।
সেখানে কর্মরত ৫৪১ জন শ্রমিককে হোম কোয়ারেন্টাইনে থাকারও নির্দেশ দেয়া হয়েছিলো। এই ঘটনার দুই দিনের মাথায় কারখানাটি আবার চালু করায় এলাকার জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিষয়টি জানতে চাইলে লুম্বিনী লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন ও জনসংযোগ) মফিজুল ইসলাম মামুন বলেন, ’জেলা প্রশাসনের অনুমতি নিয়ে সরকারি স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালু হয়েছে।’
তিনি বলেন, ‘লুম্বিনী একটি শতভাগ রপ্তানিমুখী পোশাক কারখানা। চার থেকে পাঁচটি ধাপে এখানকার কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা দেয়া হয়। আতঙ্কিত হবার কোনো কারণ নেই। এখানে দেশের স্বার্থ জড়িত আছে। চাইলেই সবকিছু বন্ধ করার সুযোগ নেই।’
কিন্তু করোনা শনাক্তের পরও ঝুঁকির মধ্যে গামের্ন্টস কারখানা চালু কতটা নিরাপদ জানতে চাইলে সিভিল সার্জন ডা. অংসুই প্রু বলেন, ‘কারখানা চালু হলে ঝুঁকি বাড়তে পারে। উচ্চ সর্তকাবস্থা না মানলে করোনা এই কারখানার মাধ্যমেই দ্রুত ছড়াতে পারে। তবে এসব প্রশাসনের বিষয়। প্রশাসন চাইলে খুলে দিতে পারে।’
অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন জানান, ‘সরকারি নিদের্শনা মেনে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা কর্মীদের আলাদা করে নমুনা পরীক্ষা করে কোয়ারেন্টাইন করার নিদের্শনা দেয়া হয়েছে লুম্বিনীকে। এছাড়াও স্বাস্থ্যবিধি শতভাগ মানার শর্তেই কারখানাটি আবারো চালুর অনুমতি দেয়া হয়েছে। আমরা কারখানাটি পর্যবেক্ষণে রাখবো।’
গত ২৫ মে কারখানাটির এক কর্মীর করোনা পজিটিভ পাওয়া গিয়েছিল। তিনি এখন বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন।
