যমুনায় নৌকাডুবি: পাঁচ লাশ উদ্ধার, নিখোঁজ ১৩

আপডেট : ২৭ মে ২০২০, ০৬:০৩ পিএম

সিরাজগঞ্জে যমুনায় নৌকাডুবিতে এ পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছেন ১৩ জন। জেলার চৌহালি উপজেলা ও এনায়েতপুর থানার স্থল ইউনিয়নের স্থলচর ও বোয়ালকান্দি গ্রামের মাঝ এলাকার যমুনা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ৭৫ যাত্রী নিয়ে নৌকাডুবি হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বুধবার পর্যন্ত পাঁচজনের লাশ ও ৫৭ জনকে জীবিত উদ্ধার করে। এখনো ১৩ জন নিখোঁজ রয়েছেন। 

এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ বলেন, ঘটনার প্রথম দিন মঙ্গলবার তিনজনের পরে বুধবার সকালে আরও দু'জনের লাশ উদ্ধার হয়েছে। নিহতরা হলেন, বেলকুচি উপজেলার গয়লাকান্দি গ্রামের পাশান ফকির (৬৫) ও একই উপজেলার কলাগাছি গ্রামের শামীম হোসেনের ছেলে নাঈমুল ইসলাম (৪), টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সুবর্ণগাতী গ্রামের আব্দুল মজিদের ছেলে ওয়েলডিং মিস্ত্রী শেখ কামাল (৪০), শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের জয়পুরা গ্রামের নছিম মোল্লার ছেলে আজিজল মোল্লা (৩৮) ও একই গ্রামের আব্দুর রশিদের ছেলে আমজাদ হোসেন (৪০)। 

ওসি আরো বলেন, বুধবার সকালে চৌহালি উপজেলার জোতপাড়া থেকে শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের জয়পুরা গ্রামের নছিম মোল্লার ছেলে আজিজল মোল্লা (৩৮) ও একই গ্রামের আব্দুর রশিদের ছেলে আমজাদ হোসেনের (৪০) লাশ উদ্ধার করা হয়।  

এ বিষয়ে স্থল ইউনিয়নের চেয়ারম্যান মো.নজরুল ইসলাম বলেন, এ দিন সকাল সাড়ে ১০টার দিকে এনায়েতপুর ঘাট থেকে ছেড়ে আসা একটি ইঞ্জিন চালিত শ্যালো নৌকা চৌহালির দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে ঝড়ো হাওয়া ও স্রোতের ধাক্কায় নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। 

তিনি আরো জানান, নৌকা যাত্রীদের অধিকাংশই ধানকাটা শ্রমিক। তারা এদিন টাঙ্গাইলের করোটিয়া ও মির্জাপুর এলাকায় ধানকাটার কাজে যাচ্ছিল। খবর পেয়ে এনায়েতপুর থানা পুলিশ ও বেলকুচি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

এ বিষয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মনজিল হক জানান, ঢাকা থেকে ডুবুরি দল রাতেই সিরাজগঞ্জে এসে পৌঁছান। বুধবার সকাল থেকে তারা উদ্ধার কাজ শুরু করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত