করোনাভাইরাস টেস্টে পজিটিভ হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের তিন ক্লাবের আরও চার খেলোয়াড়। এরপরও স্বাভাবিক অনুশীলনের পক্ষেই লিগের ক্লাবগুলো মত দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
অনুশীলনে ফেরার প্রক্রিয়া শুরুর আগে সরকারি নির্দেশনা অনুযায়ী কভিড-১৯ টেস্ট চলছে ক্লাবগুলোর খেলোয়াড়, কোচ ও স্টাফদের। তৃতীয় ধাপে টেস্ট হয়েছে ১ হাজার ৮ জনের। এর মধ্যে তিনজনের শরীরে কভিড-১৯ ধরা পড়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে লিগ কর্তৃপক্ষ।
এ পর্যন্ত মোট ২ হাজার ৭৫২ জনের টেস্ট করে ১২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। নতুন আক্রান্ত খেলোয়াড়দের নাম প্রকাশ করা হয়নি। তবে তাদের আইসোলেশনে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
করোনাভাইরাসের সংকটের কারণে মার্চ থেকে বন্ধ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল। তবে ১ জুন থেকে ফের মাঠে গড়াতে পারে স্থগিত হয়ে থাকা লিগটির খেলা। এ ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে সরকারও। লিগ শেষে হতে এখনো বাকি ৯২টি ম্যাচ।
