নারায়ণগঞ্জের ফতুল্লায় ভণ্ড কবিরাজের লালসার শিকার হয়েছে ২২ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী তরুণী। এ ঘটনায় আব্দুর রহিম প্রামাণিক (৫৮) নামের ওই কথিত কবিরাজকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন এর সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।
বুধবার রাতে কাশিপুর এলাকা থেকে ওই ভণ্ড কবিরাজকে আটক করে পুলিশ। শফিউদ্দিন প্রামাণিকের ছেলে আটক আব্দুর রহিম প্রামাণিক কাশিপুর হাজিপাড়া শাহজাহান হাজীর বাড়িতে ভাড়া থাকতো।
স্থানীয়রা জানায়, বুধবার রাত ১০ টার দিকে আটক কবিরাজ একই এলাকার প্রতিবন্ধী তরুণীটিকে চিকিৎসার কথা বলে বাড়ির সবাইকে বের করে দিয়ে শয়ন কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে পরিবারের লোকজন বিষয়টি আঁচ করতে পেরে ধর্ষক ভণ্ড কবিরাজকে আটক করে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় কবিরাজকে আটক করে থানায় নিয়ে যায়। পরে এ ব্যাপারে আক্রান্ত মেয়েটির পিতার লিখিত অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু করা হয়।
