কুরিয়ার সার্ভিসে শিশু খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর আড়ালে হেরোইনের ব্যবসা করে আসছিলেন স্বামী আর স্ত্রী। বৃহস্পতিবার প্রায় দেড় কোটি টাকা মূল্যের দেড় কেজি হেরোইনসহ তাদের গ্রেপ্তার করে র্যাব।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) জাহিদ আহসান জানান, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে র্যাব -২ এ কর্মরত পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে একটি টিম সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে হেরো্ইনসহ সৈবুর রহমান (৩২) ও নাজমা আক্তার (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করে।
মহিউদ্দিন ফারকী জানান, তারা দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিসে শিশু খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য পাঠানোর আড়ালে হেরোইন পাচার করে আসছিল। স্থানীয়ভাবে আসামিদের সম্পর্কে যাচাই-বাছাইয়ে জানা যায়, তারা এলাকায় স্বামী-স্ত্রী হিসেবে ভাড়া বাসায় বসবাস করে আসছে। স্বামী রাজমিস্ত্রী ও স্ত্রী গার্মেন্টস এ কাজ করে জানালেও প্রকৃত অর্থে তারা দীর্ঘদিন মাদক ব্যবসায় জড়িত। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
