টিভি মিডিয়ার দিনভিত্তিক কর্মীদের ৪৫ লাখ দিলেন অক্ষয়

আপডেট : ২৮ মে ২০২০, ১০:১৯ পিএম

দিনভিত্তিক হিসাবে ভারতের টিভি ইন্ডাস্ট্রিতে কাজ করা ১৫০০ কর্মীকে ৪৫ লাখ রুপি দিয়ে সাহায্য করেছেন বলিউড তারকা অক্ষয় কুমার। দেশটির সিনে অ্যান্ড টিভি অ্যাসোসিয়েশনের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে এই অর্থ তিনি ট্রান্সফার করেছেন বলে জানিয়েছে বলিউড হাঙ্গামা।

সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব অমিত বহেল জানিয়েছেন, অক্ষয় কুমার তাদের কথা শুনে এক মুহূর্ত সময় নষ্ট করেননি। প্রায় সঙ্গে সঙ্গেই সংস্থার সদস্যদের তালিকা পাঠানোর জন্য অনুরোধ করেন।

‘তালিকা পাওয়ার পরই তিনি দেড় হাজার দিনমজুরকে সাহায্য করার সিদ্ধান্ত নেন। তিনি ও প্রযোজক সাজিদ নদিয়াদওয়ালা প্রতিটি সদস্যের ব্যাংক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা পাঠান। এখানেই শেষ নয়। অক্ষয় ও সাজিদ জানিয়েছেন, এরপর যখনই প্রয়োজন পড়বে, তাদের যেন জানানো হয়। তারা সাধ্যমতো সাহায্য করবেন।’

অক্ষয়ের এই কাজের প্রশংসা করে স্ত্রী টুইঙ্কল খান্না টুইট করেন, এই মানুষটির জন্য তিনি গর্ব অনুভব করেন। অক্ষয় যখন এই সিদ্ধান্ত নেন তখন জিজ্ঞাসা করেছিলেন, এত টাকা দেওয়া কি ঠিক হচ্ছে? অভিনেতা উত্তরে বলেন, ‘আমি যখন যাত্রা শুরু করেছিলাম, আমার কাছে কিছুই ছিল না। এখন আমি এই জায়গায় এসে পৌঁছেছি। আজ যাদের কাছে কিছু নেই আমি তাদের থেকে কীভাবে মুখ ফিরিয়ে থাকতে পারি?’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত