‘এ প্লাস গুরু’সহ দুজন গ্রেপ্তার

আপডেট : ৩০ মে ২০২০, ০৬:৩৪ এএম

এসএসসি পরীক্ষার ফল প্রকাশকে সামনে রেখে ‘এ প্লাস’ ও অকৃতকার্যকে পাস করানোর কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মনিরুজ্জামান (২৪) নামে এক ব্যক্তিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অপরজন রহমত আলীর বিরুদ্ধে ‘এন-৯৫’ মাস্কসহ করোনার সুরক্ষা সরঞ্জাম বিক্রির নামে প্রতারণার অভিযোগ রয়েছে। গত বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সিআইডি।

গতকাল শুক্রবার সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম দেশ রূপন্তরকে বলেন, ‘মনিরুজ্জামান নিজেকে ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তা পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার ফাঁদ পেতে ছিল। আর রহমত আলী অনলাইনে চিকিৎসক ও সাধারণ মানুষের কাছে করোনার সুরক্ষা সামগ্রী পৌঁছে দেওয়ার কথা বলে টাকা নিয়েছিল। আজ (গতকাল) রিমান্ডে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সিআইডি জানায়, ‘সোহেল রানা’ নামে শিক্ষা বোর্ডের কর্মকর্তা পরিচয়ে ফেইসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে মনিরুজ্জামান। সেখানে বলা হয়, সে পরীক্ষার ফলাফল আপগ্রেড করা অর্থাৎ অকৃতকার্যকে পাস করানো এবং জিপিএ-৫ পেতে আগ্রহীদের তা পাইয়ে দিতে পারবে। এভাবে ইনবক্সে আগ্রহীদের সঙ্গে যোগাযোগ করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সে টাকা হাতিয়ে নিচ্ছিল। নিজেকে ‘এ প্লাস গুরু’ বলেও পরিচয় দেয় সে। বিষয়টি সিআইডির সাইবার পুলিশের নজরে এলে তার অবস্থান শনাক্ত করা হয়। এরপর পরিচয় গোপন করে ফল পাল্টানোর জন্য মনিরুজ্জামানকে টাকাও দেওয়া হয়। পরে ঝিনাইদহ জেলা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

মনিরুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক মাসুদ রানা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ফল পরিবর্তনের প্রলোভন দেখিয়ে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত