স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে গণপরিবহন চালুর সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রবিবার থেকে চালু হচ্ছে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি সার্ভিস।
ওয়াটার ট্যাক্সির কর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে।
ওয়াটার ট্যাক্সি চলাচলের জন্য ঘাট ও টিকেট কাউন্টার প্রস্তুত করা হচ্ছে। টিকিট কাউন্টার থেকে শুরু করে ঘাটে যাত্রীদের উঠানামার স্থানসহ পুরো জায়গায় ধোয়া-মোছার কাজ শুরু করা হয়েছে।
গুলশান গুদারাঘাট ওয়াটার ট্যাক্সি ঘাটের কর্মী শহিদুল ইসলাম বলেন, ‘শুক্রবার সকালে ওয়াটার ট্যাক্সির সবগুলো ঘাট ধুয়ে-মুছে পরিচ্ছন্নতার কাজ শুরু করেছি। যাত্রী চলাচলের জন্য সার্বিকভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। অন্যসব গণপরিবহন চালু হওয়ার সঙ্গে সঙ্গে ওয়াটার ট্যাক্সিও চলাচল শুরু হবে।’
ওয়ারটার ট্যাক্সি সার্ভিসটি চালু হওয়ার পর থেকে গুদারঘাট-রামপুরা ব্রিজ-এফডিসি-এবং পুলিশ প্লাজার ঘাটের মধ্যে চলাচল করে ওয়াটার ট্যাক্সিগুলো। সেখানে রামপুরা ব্রিজ সংলগ্ন ঘাট থেকে গুলশান-১ নম্বর গুদারাঘাট পর্যন্ত ২৫ টাকা, এফডিসি মোড় সংলগ্ন ঘাট পর্যন্ত ৩০ টাকা, পুলিশ প্লাজা পর্যন্ত১৫ টাকা ভাড়ায় যাত্রীরা যাতায়াত করতেন।
দেশে করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির মধ্যে দেশে চলমান সাধারণ ছুটিতে অন্য সব যানবাহনের পাশাপাশি হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি চলাচলও বন্ধ থাকে।
সর্বশেষ সরকারি নির্দেশক্রমে স্বাস্থ্যবিধি মেনে এবং স্বল্প সংখ্যক যাত্রী নিয়ে আগামী রবিবার থেকে সীমিত আকারে গণপরিবহন চলবে। ফলে চালু হচ্ছে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি সার্ভিসও।
