জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চাঁদপুরে আবুল হাসনাত (৫২) নামে এক সাংবাদিক মারা গেছেন। গত শুক্রবার রাতে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়ার দুই ঘণ্টা আগে ওই সাংবাদিক ফেইসবুকে একটি স্ট্যাটাস দেন। যাতে তিনি লেখেন, ‘আমার অবস্থা ভালো না। আমাকে সবাই মাফ করে দেবেন। আমার সন্তানদের একটু দেখবেন। আমিন।’
সাংবাদিক হাসনাত ছাড়াও সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আরও ছয়জনের মৃত্যুর খবর পাওয়া হয়ে গেছে। এর মধ্যে জামালপুরের বকশীগঞ্জে নারায়ণগঞ্জ ফেরত এক পোশাকশ্রমিক মারা গেছেন। একই সমস্যা নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে মারা যান যুবক। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মৃত্যু হয় আরেক ব্যক্তির। নাটোর আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নারী এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বৃদ্ধ ও এক কৃষক মারা যান। দেশ রূপান্তরে প্রকাশিত খবর অনুযায়ী সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে এ নিয়ে ২১৪ জন মারা গেছেন।
চাঁদপুর : শুক্রবার রাত ২টা ৫০ মিনিটের সময় চাঁদপুর জেনারেল হাসপাতালে মারা যান দৈনিক চাঁদপুরজমিন, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ফরিদগঞ্জ প্রতিনিধি আবুল হাসনাত। তিনি ফরিদগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা। তার জ্বর, শ্বাসকষ্ট ছিল। সদর হাসপাতালের আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, শুক্রবার রাত ২টা ১০ মিনিটের দিকে হাসনাত হাসপাতালে আসেন। আইসোলেশন ওয়ার্ডে ভর্তির ৪০ মিনিট পরই তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ চৌধুরী জানান, বিশেষ ব্যবস্থায় লাশ দাফন করা হবে।
জামালপুর : বকশীগঞ্জ পৌর এলাকার নামাপাড়া গ্রামে শ্বাসকষ্ট নিয়ে এক কিশোর (১৮) মারা গেছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী জানান, বৃহস্পতিবার ওই কিশোর স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে তাকে জামালপুরে পাঠানো হয়। কিন্তু তিনি সেখানে না গিয়ে বাড়িতেই অবস্থান করেন। পরে শনিবার সকালে তার মৃত্যু হয়।
ঝিনাইদহ : জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গতকাল সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে জসিম উদ্দিন (৩৫) নামে এক যুবক মারা গেছেন। তার বাড়ি সদর উপজেলার রামনগর গ্রামে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আইয়ুব আলি জানান, ২৭ মে জসিম হাসপাতালে ভর্তি হন। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। কিন্তু রিপোর্ট আসার আগেই তিনি মারা যান।
খুলনা : খুমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আশরাফুর রহমান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানান হাসপাতালের পরিচালক ডা. মুন্সী রেজা সেকেন্দার।
নাটোর : নাটোর আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে রুমা বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার ভোররাতে তার মৃত্যু হয়েছে। রুমা বাগাতিপাড়া উপজেলার সাতশৈল গ্রামের উজ্জ্বল হোসেনের স্ত্রী। হাসপাতালের আবাসিক চিকিৎসক মঞ্জুর রহমান বলেন, শুক্রবার রাত ৯টার দিকে রুমাকে হাসপাতালে আনা হয়। ভোররাতে তিনি মারা যান।
সাতক্ষীরা : জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা গেছেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার কাথণ্ডা গ্রামের পিয়ার আলী (৩৫) ও মধ্যরাতে তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের গাজী শহিদুল ইসলাম (৬৫) মারা যান। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
