বাংলাদেশকে হারানো ছক্কার স্মৃতিতে কার্তিককে রোহিতের শুভেচ্ছা

আপডেট : ০১ জুন ২০২০, ০৪:০৯ পিএম

নিদাহাস ট্রফি ফাইনালের শেষ বলের ছক্কার স্মৃতি আর কেউ ভুলতে পারলেও রোহিত শর্মা যে পারবেন না সেটি বোঝা গেল দিনেশ কার্তিকের ৩৫তম জন্মদিনে। উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে শুভেচ্ছা জানাতে সেই ছক্কার স্মৃতি স্মরণ করেছেন ওয়ানডে ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরির একমাত্র মালিক।

বিরাট কোহলি বিশ্রামে থাকায় ওই সিরিজে রোহিত অধিনায়কের দায়িত্ব পান। দল ফাইনালে উঠলেও বাংলাদেশের সামনে তারা খেই হারান। ম্যাচের বয়স যত বাড়তে থাকে, টিম ইন্ডিয়ার ততই ঘাম ছুটতে থাকে। শেষের কয়েক ওভারে টিভি ক্যামেরায় রোহিতকে রীতিমতো বিধ্বস্ত দেখায়। রোহিত শেষ পর্যন্ত ‘যন্ত্রণা’ থেকে মুক্তি পান কার্তিকের কল্যাণে। শেষ বলে ছয় হাঁকিয়ে বাংলাদেশকে শিরোপা-বঞ্চিত করেন তিনি।

দুই বছর আগের সেই ঘটনা স্মরণ করে রোহিত সামাজিক যোগাযোগমাধ্যমে কার্তিককে ট্যাগ করে লিখেছেন, ‘শুভ জন্মদিন ডিকে বাবা। শেষ বলের সেই ছয়ের জন্য অনেক অনেক ধন্যবাদ।’

ঠাণ্ডা মাথার ক্রিকেটার হিসেবে পরিচিত দিনেশ কার্তিক যে ওইভাবে ওভার-বাউন্ডারি মারতে পারেন, তা দেখে সেদিন অনেকেই অবাক হয়েছিলেন। শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত ম্যাচটির পর রোহিতও তার ভূয়সী প্রশংসা করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত